প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় নাগরিক সমাজের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা বাতিল এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করে যেসব সম্পত্তি ‘ক’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনের নেতারা। গতকাল শুক্রবার ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সেল’-এর পক্ষে বিবৃতিতে তাঁরা আইনটি বাস্তবায়নে নানা জটিলতা সৃষ্টি এবং সংশোধনী এনে আইনটির বাস্তবায়ন-প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।সংশোধিত তালিকা প্রকাশের নামে নতুন করে যেসব সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত করা হয়েছে তা বাতিলেরও দাবি জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে তাঁরা বলেন, ২০১১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধনী) পাস হওয়ার পর প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু পরে আইনের মূল চেতনার সঙ্গে অসংগতিপূর্ণ বিভিন্ন সংশোধনী এনে বাস্তবায়ন-প্রক্রিয়া জটিল করে ফেলা হয়েছে। ভুক্তভোগী মানুষের হয়রানি বাড়িয়ে তোলা হচ্ছে ক্রমাগতভাবে। বিবৃতিতে অভিযোগ করা হয়, আইনটি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা ও অঙ্গীকারকে বানচাল করতে ভূমি মন্ত্রণালয়সহ ভূমি প্রশাসনের বিভিন্ন স্তরে একটি প্রভাবশালী ও দুর্নীতিবাজ চক্র তৎপর আছে। বিবৃতিতে স্বাক্ষর করেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বেসরকারি সংগঠন নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন, প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সাম্মানিক পরিচালক সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, ব্লাস্টের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।