প্রক্রিয়া মেনে দুর্নীতির অভিযোগ করতে বলেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় যথযাথ প্রক্রিয়ায় অভিযোগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলেছে, সংশ্লিষ্ট আইনের তফসিলবহির্ভূত অপরাধের অভিযোগের ক্ষেত্রে তাদের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে দুদক। বিজ্ঞপ্তিতে দুদকের তফসিলভুক্ত অপরাধগুলো কী কী, সে সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে। সেই সঙ্গে কীভাবে অভিযোগ করতে হবে, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।তফসিলভুক্ত অপরাধ: দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধগুলো হলো, কর্তব্য পালনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী অথবা নির্বাচিত বা মনোনীত জনপ্রতিনিধি কর্তৃক ঘুষ বা উপহার নেওয়া, এই ব্যক্তিদের অবৈধভাবে স্বনামে বা বেনামে সম্পদ অর্জন, সরকারি অর্থ বা সম্পত্তি আত্মসাৎ বা ক্ষতিসাধন, অনুমতি না দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীর ব্যবসা-বাণিজ্য পরিচালনা, সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্তৃক জ্ঞাতসারে কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা, অর্থ পাচার এবং বেসরকারি পর্যায়ে অধীনস্থ চাকুরে কর্তৃক অর্থ বা সম্পদ আত্মসাৎ-সংক্রান্ত অভিযোগ।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিষয়ে অভিযোগ পাওয়ার পর দুদক কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেয়। এগুলো হলো, অভিযোগটি কমিশনের তফসিলভুক্ত অপরাধ কি না; অভিযোগটি সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক কি না; অপরাধ সংঘটনের সময়কাল উল্লেখ করা হয়েছে কি না; অভিযুক্ত ব্যক্তির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না, অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ করা হয়েছে কি না এবং অভিযোগের গুরুত্ব ও ব্যাপকতা কত।দুদক জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচিত বা মনোনীত জনপ্রতিনিধি কোনো কাজের জন্য ঘুষ দাবি করলে দুদক ফাঁদ পেতে তাকে হাতেনাতে ধরার ব্যবস্থা নেয়। এ ধরনের ঘটনা ঘটলে দুদকের প্রধান বা নিকটস্থ কার্যালয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছে দুদক।অভিযোগে যে তথ্য থাকতে হবে: কোনো ব্যক্তি অবৈধ অর্থ ও সম্পদ অর্জন করলে তার পূর্ণ নাম, পদবি, পেশা ও পূর্ণ ঠিকানা উল্লেখ করে অভিযোগ করতে বলেছে দুদক। এ ক্ষেত্রে যে বিষয়গুলো থাকতে হবে সেগুলো হলো, স্থাবর সম্পদের (জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি) অবস্থান, পরিমাণ, আনুমানিক মূল্যসহ পূর্ণাঙ্গ ঠিকানা, ব্যাংক হিসাব, শেয়ার, এফডিআর, সঞ্চয়পত্রের সুনির্দিষ্ট তথ্য, গাড়ির নিবন্ধন নম্বর ও প্রকার, ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থান, ধরন ও সুনির্দিষ্ট ঠিকানা এবং জীবনযাপনের মানসংক্রান্ত বিবরণ।সরকারি অর্থ বা সম্পদ আত্মসাৎ ও ক্ষতিসাধনের অভিযোগের ক্ষেত্রে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলেছে দুদক। এগুলো হলো, আত্মসাৎ করা অর্থ বা সম্পদের পরিমাণ ও সময়কাল, কোন দায়িত্ব থেকে কখন কীভাবে আত্মসাৎ করা হয়েছে, আত্মসাতের সঙ্গে আর কারা জড়িত থেকে কীভাবে সহযোগিতা করেছে তার বিবরণ।দুদক জানায়, ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কখন কীভাবে এটি করে লাভবান হয়েছে বা অন্যকে লাভবান কিংবা ক্ষতিগ্রস্ত করেছে, তা উল্লেখ করতে হবে। এই অভিযোগে ন্যূনতম যে তথ্যগুলো থাকতে হবে সেগুলো হলো, অভিযোগের বিবরণ ও সংঘটিত হওয়ার সময়কাল, অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্ত এবং অভিযুক্ত ব্যক্তির নাম ও পূর্ণ ঠিকানা।যেখানে অভিযোগ করা যাবে: বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদকের প্রধান কার্যালয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক, ঢাকা-১, ঢাকা-২, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও হবিগঞ্জে সমন্বিত জেলা উপপরিচালকের কার্যালয়ে অভিযোগ করা যাবে।অধিকাংশ অভিযোগই ঢালাও: বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকে যেসব অভিযোগ পাওয়া যায়, তার অধিকাংশই তফসিলবহির্ভূত অথবা ঢালাও। ২০০৮ সালে কমিশনে অভিযোগের সংখ্যা ছিল ৩৯ হাজার ১১। এর মধ্যে তফসিলভুক্ত অভিযোগের সংখ্যা ছিল মাত্র ৩৩৭, অর্থাৎ মোট অভিযোগের শতকরা মাত্র শূন্য দশমিক ৮৬ ভাগ। একইভাবে ২০০৯ সালে অভিযোগের সংখ্যা ছিল সাত হাজার ৬৫৭। এর মধ্যে অনুসন্ধানের যোগ্য ছিল মাত্র ২২টি। আর গত জানুয়ারি থেকে মে মাসে অভিযোগ ছিল তিন হাজার ৫৪টি, এর মধ্যে অনুসন্ধানযোগ্য ছিল মাত্র ১২৮টি।দুদক জানায়, যেসব অভিযোগ গৃহীত হয়নি, তার অধিকাংশই ছিল সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, ব্যক্তিগত জায়গাজমি নিয়ে সমস্যা, ব্যক্তিপর্যায়ে অন্যান্য বিরোধ, প্রতারণা ও জালজালিয়াতি বা বেসরকারি প্রতিষ্ঠানের অনিয়মসংক্রান্ত অভিযোগ। এ ছাড়া কিছু অভিযোগ ব্যক্তিগত আক্রোশমূলক বলে প্রতীয়মান হয়েছে। এসব অপরাধের অনুসন্ধান বা তদন্ত করার এখতিয়ার দুদকের নেই।