দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রক্রিয়াগত কারণেই কমিশন দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে সক্ষমতা দেখাতে পারছে না। প্রক্রিয়ায় সমস্যা থাকায় কমিশনের প্রতি মানুষের কাঙ্ক্ষিত মাত্রার আস্থা নেই। গতকাল মঙ্গলবার দুদকের খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সংস্থার চেয়ারম্যান আরও বলেন, বলা হয়, বড় রুই-কাতলাদের ধরা হচ্ছে না। আসলে এ বিষয়ে দেশে প্রচলিত আইন ও পদ্ধতি সবার বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, ‘বর্তমানে দুদকসহ সরকারের সকল স্তরে জবাবদিহির জায়গা তৈরি হচ্ছে। কারণ, সুশাসন নিশ্চিত করতে এখনই দুর্নীতির লাগাম টানা দরকার। আমি শুধু বলতে পারি, নিরাশ হওয়ার কিছু নেই, দিনের শেষে সত্যের জয় নিশ্চিত।’
নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় বলেন, দুর্নীতির মাত্রা ক্রমেই কেতাবি সংজ্ঞার বাইরে চলে যাচ্ছে। এটি ঠেকানো না গেলে তা দেশকে ধ্বংস করে দেবে। দুর্নীতির দ্রুত বিচারে দুর্নীতি দমন ট্রাইব্যুনাল করা প্রয়োজন। দুদককে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। আরেক কমিশনার নাসিরউদ্দীন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ।