প্রক্রিয়াজাতকরণ কারখানা নেই, সম্প্রসারিত হচ্ছে না চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির বিভিন্ন এলাকার কাজুবাদামগাছে পাকতে শুরু করেছে নজরকাড়া ফল। নাশপাতির আকারের এসব ফলের নিচেই পুষ্ট হয়েছে বাদাম। কিন্তু প্রক্রিয়াজাতকরণ কারখানার অভাবে জেলায় কাজুবাদাম উৎপাদিত হচ্ছে না।
শহরের হর্টিকালচার সেন্টার, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রসহ বেশ কয়েকটি স্থানে কাজুবাদামগাছ আছে। তবে সেসব গাছের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে ফল ও বাদাম।
জেলার কৃষিবিদেরা জানান, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, সেনানিবাস, পানখাইয়াপাড়া, কমলছড়ি ও জামতলী এলাকায় ৩০-৩৫টির মতো কাজুবাদামগাছ আছে। এ ছাড়া শহরের বাইরে রামগড় হর্টিকালচার সেন্টারেও বেশ কয়েকটি কাজুবাদামগাছ আছে।
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষকেরা জানান, মৌসুমে পূর্ণবয়স্ক একটি গাছ থেকে ১০ কেজির মতো কাজুবাদাম পাওয়া যায়। এক কেজি প্রক্রিয়াজাত করা কাজুবাদাম বিক্রি হয় ৭৫০ টাকায়। খাগড়াছড়ির আবহাওয়া ও মাটি কাজুবাদাম চাষের উপযোগী হলেও কেবল প্রক্রিয়াজাতকরণ কারখানার অভাবে এর চাষ সম্প্রসারিত হচ্ছে না।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্যা প্রথম আলোকে বলেন, এ অঞ্চলের মাটি আবহাওয়া ও জলবায়ু কাজুবাদাম চাষের উপযোগী। শহরের প্রায় প্রতি এলাকায় কাজুবাদামগাছ আছে। কিন্তু কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কষ্টসাধ্য। তা ছাড়া ফলের বোঁটায় একধরনের রাসায়নিক থাকে, যা শরীরে লাগলে ক্ষত তৈরি হয়। এ কারণে এই ফল ও বাদাম তুলতে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। খাগড়াছড়ি খেজুর বাগান হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক বলেন, কাজুবাদামের প্রক্রিয়াজাতকরণের সমস্যা আছে খাগড়াছড়িতে।
এই কারণে এখানকার গাছের ফল ও বাদাম নষ্ট হচ্ছে। প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে বাগানও গড়ে উঠছে না।
খাগড়াছড়ির ঐতিহ্যবাহী আদিবাসী বস্ত্র ও হস্তশিল্প প্রতিষ্ঠান বনানী ট্রেক্সটাইলের ব্যবস্থাপক রাম চন্দ্র রায় জানান, পর্যটক ও স্থানীয় জনগণের কাছে কাজুবাদামের চাহিদা রয়েছে। এ কারণে রাঙামাটি থেকে বাদাম আনাতে হয়। রাঙামাটিতে প্রক্রিয়াজাতকরণের কারখানা গড়ে উঠলেও খাগড়াছড়িতে তা নেই।
খাগড়াছড়ি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের(বিসিক) ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেউ কাজুবাদামের প্রক্রিয়াজাতকরণ কারখানা করতে চাইলে আমরা সব ধরনের সহায়তা দেব।