প্রখর রোদে বেঁকে যাচ্ছে রেললাইন, দুর্ঘটনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রখর রোদের তাপে রেললাইন প্রসারিত হয়ে বেঁকে যাচ্ছে। এতে পার্বতীপুর-কাউনিয়া পথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে; পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা করা হচ্ছে।রংপুর আবহাওয়া কার্যালয় থেকে জানা গেছে, ২ এপ্রিল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ এবং সর্বনিম্ন ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।বদরগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রোদের তাপে রেললাইন প্রসারিত হয়ে বেঁকে যাচ্ছে। তার পরও ঝুঁকি নিয়েই চলছে ট্রেন। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিয়ে রেলের কর্মচারীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁরা লাল পতাকা উড়িয়ে বাঁকা লাইন সোজা করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।৩ এপ্রিল দুপুরে উপজেলার মিরাপাড়া গ্রামের কাছে সরেজমিনে দেখা গেছে, লাল পতাকা উড়িয়ে ৮৪ ফুট বাঁকা রেললাইন ব্লেড দিয়ে কেটে এবং তাতে পানি ঢেলে সোজা করছেন রেলের কয়েকজন কর্মচারী। এ কাজে স্থানীয় লোকজন তাঁদের সহযোগিতা করছেন। কর্তব্যরত ম্যাট (লাইন মিস্ত্রি) মনোয়ার হোসেন জানান, ফিশপ্লেটের মাধ্যমে রেললাইন সংযুক্ত করে বসানো হয়। সংযোগস্থলে এক লাইন থেকে আরেক লাইনে পৌনে এক ইঞ্চি ফাঁকা রাখা হয়, যাতে ট্রেন চলার সময় লাইন প্রসারিত হয়ে জাম্পিং করতে পারে। আগে ৩৬ ফুটের প্রতিটি রেললাইন ফিশপ্লেটের মাধ্যমে সংযুক্ত করে বসানো ছিল। এ কারণে প্রখর রোদের তাপেও রেললাইন বেঁকে যেত না। কিন্তু এখন যে লাইন বসানো রয়েছে, তা ৪২ ফুটের। আর এতে ফিশপ্লেট লাগানো হয়েছে ১২৬ ফুট পর পর। এর ওপর দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করায় লাইন বেড়ে গিয়ে দুই লাইন একসঙ্গে লেগে গেছে। এ কারণে ট্রেন চলার সময় লাইন আর জাম্পিং করতে পারছে না। প্রখর রোদে রেললাইন গরম হয়ে যাচ্ছে। আর গরম লাইনে ট্রেন ওঠামাত্র তা প্রসারিত হয়ে জাম্পিং করতে না পেরে লাইন বেঁকে যাচ্ছে।কিম্যান (চাবিওয়ালা) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা যতই বাঁকা রেললাইনে পানি ঢেলে ও কেটে সোজা করার চেষ্টা করছি, ততই বেঁকে যাচ্ছে। তা ছাড়া লাইন কেটে সোজা করার মতো আধুনিক কোনো যন্ত্রপাতি আমাদের সরবরাহ করা হয়নি। লোহার ছোট ব্লেড দিয়ে লাইন কেটে সোজা করা হচ্ছে। এতে একবার লাইন কাটতে ১৮ থেকে ২০টি ব্লেডের পাশাপাশি চার-পাঁচ ঘণ্টা সময় লাগছে। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।’বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মাজেদ বলেন, প্রচণ্ড রোদের কারণে তাপে রেললাইন বেঁকে যাচ্ছে। এতে কয়েক দিন ধরে পার্বতীপুর-কাউনিয়া পথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। গত সোমবার দিনাজপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘কমিউটার এক্সপ্রেস’ নামের একটি মেইল ট্রেন বদরগঞ্জের মিরাপাড়ার অদূরে বাঁকা রেললাইনে ওঠামাত্র প্রচণ্ড ঝাঁকুনি দেয়। তখন ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। চালক দ্রুত সেখানে ট্রেনটি থামিয়ে দেন। ফলে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় কয়েক শ যাত্রী। পরে এলাকাবাসীর সহায়তায় পানি ঢেলে লাইন সোজা করে দেড় ঘণ্টা পর আবার ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।মনোয়ার হোসেন বলেন, তাপে লাইন বাঁকা রোধ করতে হলে ৩৬ ফুট পর পর রেললাইনে ফিশপ্লেট লাগানোর পাশাপাশি স্লিপার ও রেললাইন শক্ত করে ধরে রাখার লোহার ইলাসটিক লাগানো জরুরি। বর্তমানে থাকা স্লিপারগুলো অনেক স্থানেই ক্ষয়ে নষ্ট হয়ে গেছে এবং ইলাসটিকগুলো রাতের আঁধারে চুরি হয়েছে।