প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ট্রেনের ধাক্কায় একটি জিপ বিচূর্ণ হয়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত বুধবার রাতে এই কমিটি গঠন করা হয়।ওই দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে বারেক নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। রাতে তাঁর মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে সরকারি গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাঁচ কর্মীর মৃত্যু হয়। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সূত্রে জানা গেছে, প্রগতির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রধান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তদন্তকাজ শুরু করেছি আমরা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার প্রতিবেদন জমা দেওয়া হবে।’এদিকে রেলের পক্ষ থেকে করা তিনটি পৃথক তদন্ত কমিটি গতকাল তদন্ত শেষ করেছে। তবে বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।এ প্রসঙ্গে রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ কে এম মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘তদন্তে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রগতির জিপের চালকের ভুলে এই দুর্ঘটনা ঘটে। চালক যদি দেখেশুনে লেভেল ক্রসিং পার হতেন, তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত।’