প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে কাল শুক্রবার। গতকাল বুধবার সকালে তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি সাখাওয়াত টিপু বলেন, শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ সম্মেলন উদ্বোধন করবেন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে জাতীয় সম্মেলনের আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে তুরস্ক, জাপান, ভারত, নেপালের প্রগতিশীল লেখকসহ সারা দেশের লেখকেরা অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কার্যকরী সভাপতি ও দ্বিতীয় জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কবি গোলাম কিবরিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ও চিত্রশিল্পী মতলুব আলী, অধ্যাপক এম এ আজিজ মিয়া প্রমুখ।