প্রগতি সরণির ময়লার ভাগাড় সরছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড্ডায় প্রগতি সরণির পশ্চিম পাশে বাগদাদ কার ফ্ল্যাশের সামনে সড়কের প্রায় অর্ধেক ও ফুটপাতের ওপরে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা এভাবেই জড়ো করে রাখা হয় l ছবি: প্রথম আলো
বাড্ডায় প্রগতি সরণির পশ্চিম পাশে বাগদাদ কার ফ্ল্যাশের সামনে সড়কের প্রায় অর্ধেক ও ফুটপাতের ওপরে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা এভাবেই জড়ো করে রাখা হয় l ছবি: প্রথম আলো

প্রগতি সরণির বাড্ডা অংশ থেকে ময়লার ভাগাড় সরানোর কোনো সম্ভাবনা নেই। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেছেন, আপাতত ভাগাড় সরানোর পরিকল্পনা নেই।
প্রগতি সরণির পশ্চিম পাশে বাগদাদ কার ফ্ল্যাশের সামনে থেকে হল্যান্ড সেন্টারের আগ পর্যন্ত সড়কের প্রায় অর্ধেক এবং ফুটপাতজুড়ে ছড়িয়ে আছে এ ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের লোকজন। ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ আছে ব্যবসায়ীদের।
এ বিষয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি প্রথম আলোকে বলেন, প্রতিদিনই ময়লা তোলা হয়। ময়লা তো জমে থাকে না। আপাতত ময়লার ভাগাড় সরানোর কোনো পরিকল্পনা নেই।
গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, যানজট লেগে আছে। বাস ভাগাড়ের কাছে আসতেই চালকের সহকারী দরজা বন্ধ করে দিচ্ছেন। যাত্রীরা জানালার কাচ লাগিয়ে দিয়ে নাক চেপে বসে থাকছেন। অনেকে নেমে যাচ্ছেন। কাদা-ময়লায় সড়ক সয়লাব। বাতাসে দুর্গন্ধ। ফুটপাতেও ময়লার স্তূপ, হাঁটার জায়গা নেই। তারপরও কেউ কেউ নাক চেপে চলাচল করছেন।
পথচারী সৈয়দা নীলিমা বলেন, ‘আর জায়গা নেই, রাস্তার ওপরেই ময়লা ফেলতে হবে? এ জায়গাটুকু পার হওয়ার সময় নিশ্বাস নিতে পারি না, দম বন্ধ লাগে। বমি চলে আসে।’
খোঁজ নিয়ে জানা যায়, সড়কের ভাগাড় সরাতে গত ১৪ জুন ২১ নম্বর ওয়ার্ড বাড্ডা এলাকার কয়েকজন ব্যবসায়ী ডিএনসিসি মেয়রের কাছে একটি লিখিত আবেদনপত্র দেন। তাতে বলা হয়, ‘৭২/এ প্লটের পুরোনো গাড়ির শো-রুমের সামনের রাস্তায় ময়লার ভাগাড় থাকায় ব্যবসায় লোকসান হচ্ছে। পাশাপাশি হল্যান্ড সেন্টার, প্রাণ গ্রুপ, সমরেশ গ্রুপসহ অন্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।’
বাগদাদ কার ফ্ল্যাশের বিপণন ব্যবস্থাপক আতিয়ার রহমান বলেন, দুর্গন্ধের কারণে কোনো ক্রেতা দোকানে ঢোকেন না। শ্বাসকষ্ট হয়। মাথা ঘোরায়। ব্যবসা লাটে উঠছে।
এখান থেকে প্রতিদিন ১৮ ট্রাক ময়লা সরানো হয়। ময়লা সংগ্রহের জন্য আছে ১১০টি ভ্যান। ভ্যানপ্রতি দুজন লোক কাজ করেন। স্থানীয়রা জানান, ময়লা আসে ২১ নম্বর ওয়ার্ড ও বাড্ডা ইউনিয়নের কুমিল্লাপাড়া, আদর্শনগর, দক্ষিণ, মধ্য, পশ্চিম ও উত্তর বাড্ডা, রিং রোড, মেরুল, স্বাধীনতা সরণি, হোসেন মার্কেট, লিংক রোড, গুদারাঘাট, আলীর মোড়, পূর্ব নাওয়া পাড়া, মধ্য ও বাড্ডা বাজার, পাঁচতলা, ময়নারবাগসহ বিভিন্ন এলাকা থেকে।
প্রগতি সরণির ওপরেই এ ভাগাড়টি প্রায় ২৫ বছর ধরে টিকে আছে। সড়কের মেরুল অংশে কুমিল্লা আইডিয়াল ডোর ইন্ডাস্ট্রির বিপরীত পাশের ফুটপাত ও সড়কে আছে আরও একটি ময়লার ভাগাড়।
সড়কটি ডিএনসিসির অঞ্চল-৩-এর আওতাধীন। এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুল হক প্রথম আলোকে বলেন, ওই এলাকায় ময়লা সংগ্রহের জন্য সেকেন্ডারি ট্রান্সফরমেশন স্টেশন বসানোর কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। স্থানীয় ওয়ার্ড কমিশনার জায়গা খুঁজলেও এখন পর্যন্ত কোনো জায়গার সন্ধান দিতে পারেননি।