প্রগতি সরণির রিকশার লেনটি নেই, চলছে মূল সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রগতি সরণিতে যানজট কমানোর জন্য রিকশার আলাদা লেন করা হয়েছিল। তবে তা বেশি দিন টেকেনি। সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পের কাজ চলায় এখন তা বন্ধ। মূল সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে পাল্লা দিয়েই ছুটছে রিকশা। ফলে সারাক্ষণ এই ব্যস্ত রাস্তায় যানজট লেগেই থাকছে।
গত বছরের জানুয়ারিতে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ নতুনবাজার থেকে সুবাস্তু টাওয়ার পর্যন্ত পরীক্ষামূলকভাবে রিকশার জন্য আলাদা লেন চালু করে। প্রায় দুই কিলোমিটার পর্যন্ত এ সড়কে আলাদা এই রিকশার লেন ছিল আট ফুট চওড়া। প্লাস্টিকের খুঁটি ও নাইলনের দড়ি দিয়ে অস্থায়ী লেনটি করা হয়। পরিকল্পনা ছিল সফল হলে রামপুরা ব্রিজ পর্যন্ত লেনটি বিস্তৃত হবে।
গতকাল রোববার প্রগতি সরণিতে দেখা যায়, রিকশার কোনো লেন নেই। রিকশাগুলো চলছে মূল সড়কে। রিকশাচালক মোখলেস উদ্দিন বলেন, ‘দুই মাসের মতন লেন আছিল। পরে ড্রেন কাটলে বন্ধ হইয়া যায়।’ তিনি আরও বলেন, লেন যত দিন ছিল, তাঁদের জন্য সুবিধাই হতো। বাস-গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলার ভয় ছিল না।
নতুনবাজারের ট্রাফিক ইন্সপেক্টর মাহাবুব ইসলাম খান বলেন, ভালোই চলছিল। সিটি করপোরেশনের নালা নির্মাণের কাজ শুরু হলে লেন বন্ধ হয়ে যায়। এ ছাড়া সড়কটিতে বাস দাঁড়ানোর আলাদা কোনো জায়গা নেই। লেন হওয়ার পরে বাসগুলো সড়কের মাঝখানে দাঁড়িয়ে যেত। সুবিধার পাশাপাশি সমস্যাও ছিল।
এ সড়কে নিয়মিত চলাচলকারী নাঈম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জ্যামটা কমে গিয়েছিল। সব গাড়ির জন্যই সুবিধা হয়েছিল। কিন্তু চলল না তো।’
ঢাকা ট্রাফিক উত্তর বিভাগ বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার ফেরদৌসী রহমান প্রথম আলোকে বলেন, ‘এ সড়কে সিটি করপোরেশনের ড্রেনের কাজ, ইউলুপের কাজ চলছে। এ জন্যই বন্ধ আছে।’