প্রগতিশীল ইসলামী জোট নামে নতুন মোর্চার আত্মপ্রকাশ
‘প্রগতিশীল ইসলামী জোট’ নামে আরেকটি রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল বুধবার সকালে রাজধানীর পূর্বাণী হোটেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ জোটের ঘোষণা দেওয়া হয়।সুফি মতাদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চারটি সমমনা দল মিলে এ জোট গঠন করা হয়। দলগুলো হচ্ছে: বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট ও গণফ্রন্ট। নজিবুল বশর মাইজভান্ডারীকে জোটের চেয়ারম্যান; মাওলানা এম এ মান্নান, মাওলানা জিয়াউল হাসান ও মোহাম্মদ জাকির হোসেনকে কো-চেয়ারম্যান এবং এম এ আউয়ালকে জোটের লিয়াঁজো কমিটির আহ্বায়ক করা হয়।প্রগতিশীল ইসলামী জোটের তিন শরিক দল তরীকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট ও সম্মিলিত ইসলামী জোট ক্ষমতাসীন মহাজোটের সঙ্গে আগে থেকেই সম্পৃক্ত রয়েছে। এর সঙ্গে যুক্ত হয় গণফ্রন্ট নামের একটি সংগঠন। এর চেয়ারম্যান হলেন আইনজীবী জাকির হোসেন।অনুষ্ঠানে বক্তৃতার একপর্যায়ে নজিবুল বশর মাইজভান্ডারী নিজেদের মহাজোটের শরিক বলে উল্লেখ করেন। অবশ্য পরে এর জন্য দুঃখ প্রকাশ করেন। সংগঠনের ইশতিহার পড়ে শোনান এম এ আউয়াল। তিনি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জোটের সাংগঠনিক কর্মসূচি এবং মার্চে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন।