প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে ধর্মঘট উপেক্ষা করে বিকেল থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন গতকাল সকালে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে বেলা একটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করলে প্রশাসনিক ভবনের কাছে ছাত্রলীগের কর্মীরা তাতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে কাওসার, সোলায়মান, ফরহাদ, নোবেল, ইন্দ্রমোহন, পল্লব, মুসরাত, শামীম, কবিরসহ ১০ জন আহত হন।
এদিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা সকালে প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিলে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু হয়নি। বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন দুটির ফটকের তালা ভেঙে ভর্তি কার্যক্রম শুরু করে। এ সময় ছাত্রজোটের নেতারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে প্রশাসনের লোকজন তাঁদের ব্যানার কেড়ে নেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি বিবেচনা করে তালা ভেঙে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি আহসান হাবিব অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি নিয়ে মিছিল বের করা হলে ছাত্রলীগ হামলা চালায়। বিকেলে প্রশাসন প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার কেড়ে নেয়।
ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান বলেন, ছাত্রজোট বহিরাগতদের দিয়ে মিছিল বের করে ছাত্রলীগের কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগ তাদের নিবৃত করতে গেলে গণ্ডগোল বেধে যায়।
এ ব্যাপারে কথা বলতে চাইলে প্রক্টর নাজমুল হকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সহকারী প্রক্টর আতিকুর রহমান বলেন, নতুন বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সচল রাখতে তালা ভেঙে ফেলা হয়েছে। তবে ব্যনার কেড়ে নেওয়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি।