প্রগতিশীল ছাত্রজোট-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে মিছিল বের করা হয়। এ সময় ছাত্রলীগের সঙ্গে ছাত্রজোটের সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সোমবার থেকে ক্যাম্পাসে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জব্বরের মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল নিয়ে নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনে অবস্থান নেন। এ সময় তাঁরা বর্ধিত ফি প্রত্যাহরের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা এসে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের ওপর চড়াও হন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভেঙে ফেলা হয়। আহতদের মধ্যে কমপক্ষে ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা দোলন রায় দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন হামলাকারীদের সঙ্গে ছিলেন এবং তাঁরা আন্দোলনকারী ছাত্রীদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম এ সালাম বলেন, ‘ছাত্রফ্রন্টের দাবি ভিত্তিহীন। আমরা ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। তখন ছাত্রফ্রন্টের কয়েকজন উচ্ছৃঙ্খল সদস্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা এ হামলায় ছাত্রলীগের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।