চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনপত্রের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। ধর্মঘট চলাকালে শাটল ট্রেন আটকে দিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।
এ দাবিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশিদুল সামির প্রমুখ। তাঁরা ছাত্র ধর্মঘট পালনে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।
ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার প্রথম আলোকে বলেন, আবেদনপত্রের ফি বাড়ানোর মাধ্যমে প্রশাসন প্রমাণ করেছে যে এটা একধরনের বাণিজ্য। শিক্ষা ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। এর প্রতিবাদে মঙ্গলবার (আজ) ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের অংশ হিসেবে শাটল ট্রেন অবরোধ ও ক্লাস বর্জন করা হবে।’
তবে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ধর্মঘটে প্রশাসন বাধা দেবে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘আমরা তাদের কর্মসূচিতে কোনো বাধা দেব না। তবে শাটল ট্রেন আটকে না দেওয়ার জন্য আমরা তাদের অনুরোধ করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ও শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলেছেন।’
আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্রের মূল্য ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদে ক্যাম্পাসে আন্দোলন করে যাচ্ছে প্রগতিশীল ছাত্রজোট।