প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, বেদখল হওয়া ১০টি হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে ছাত্রসমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরও একজন শিক্ষার্থীরও আবাসনব্যবস্থা করতে পারেনি প্রশাসন। অথচ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার অন্যতম শর্ত আবাসিক সুবিধা নিশ্চিত করা।

বক্তারা আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধার ও নতুন হল নির্মাণে আগামী ২ এপ্রিল একটি প্রতিবেদন জমা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। ওই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের কার্যালয়ের সামনে (প্রশাসনিক ভবন) গণ-অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রজোট। এ ছাড়া ওই প্রতিবেদনে কোনো কার্যকর পদক্ষেপ না হলে ৩ এপ্রিল সচিবালয় ঘেরাও করবেন শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি জি এম জিলানী, শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সভাপতি তাহমিদা ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহরাব আজাদ প্রমুখ বক্তব্য দেন।

সংগ্রাম পরিষদের কর্মসূচি: একই দাবিতে আগামী বৃহস্পতিবার পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।