প্রগতিশীল রাজনৈতিক শূন্যতায় মাথাচাড়া দিচ্ছে মৌলবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রগতিশীল রাজনৈতিক শূন্যতার কারণে মৌলবাদী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। মুখে মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও ভেতরে-ভেতরে অনেক সাম্প্রদায়িক মানুষ আমাদের সমাজে রয়েছে। প্রগতিশীল রাজনৈতিক শূন্যতা থাকলেও সংস্কৃতিকর্মীদের কোনোভাবেই সুস্থ ও মুক্তচিন্তার পথ থেকে সরে দাঁড়ালে হবে না। মুক্তচিন্তার বিকাশ না ঘটলে বাংলাদেশ ক্রমশ অন্ধকারের চোরাবালিতে নিমজ্জিত হবে।

গতকাল শুক্রবার সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের উদ্যোগে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বক্তারা এসব কথা বলেন। বেলা ১১টায় ‘সমকালীন বাংলাদেশ এবং সংস্কৃতিকর্মীদের করণীয়’ শীর্ষক এ আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক জাকির তালুকদার।

বক্তৃতায় কথাসাহিত্যিক জাকির তালুকদার বলেছেন, ‘মানুষ হয়ে ওঠাটা যেমন একটা অবিরাম প্রক্রিয়ার বিষয়, তেমনই সংস্কৃতিমান হয়ে ওঠাটাও একটা প্রক্রিয়ার বিষয়। জীবনভর এর চর্চা করতে হয়। আমাদের সমাজে সব আছে, কিন্তু মানুষ বড় কমই আছেন। সংস্কৃতিকর্মীদের মানুষ হওয়ার জন্য লড়াইটা সবার আগে চালিয়ে যেতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, সিলেটের সাবেক সভাপতি তবারক হোসেইন এবং কেন্দ্রীয় সংসদের সংগঠন বিভাগের সম্পাদক ইকবালুল হক খান। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন সৈয়দ মনির হেলাল। আলোচনা সভাটি ছিল সংগঠনের ষোড়শ জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনের।

কথাসাহিত্যিক জাকির তালুকদার তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘অপসংস্কৃতির যেমন বিশ্বায়ন রয়েছে, তেমনই সুস্থ সংস্কৃতির বিশ্বায়ন রয়েছে। বিদেশি সংস্কৃতি মানেই অপসংস্কৃতি নয়, ব্যক্তিগত উপলব্ধি আর পঠন-পাঠন ও জানা-বোঝা-বিচার-বিশ্লেষণের মাধ্যমেই সুস্থ সংস্কৃতির ধারাটি গ্রহণ করতে হবে। আকাশসংস্কৃতিকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তবে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজেদের সংস্কৃতির ওপর বিশ্বাস থাকলে কখনোই অপসংস্কৃতি মাথাচাড়া দিতে পারবে না।’