চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের মধ্যে ভাঙনের সুর শোনা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা থেকে এই ভাঙন দেখা দিয়েছে। প্রগতিশীল শিক্ষকদের সংগঠন হলুদ দল থেকে আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা বের হয়ে আলাদা সংগঠন গড়ে তোলার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে। প্রগতিশীল শিক্ষকদের এই বিভক্তির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনের মেয়াদ চলতি মাসে শেষ হবে। এ ছাড়া সিন্ডিকেটের একাডেমিক কাউন্সিল প্রতিনিধির মেয়াদ শেষ হয়েছে গত বছর। আগামী জুলাইয়ে এই দুটি শাখায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দুই শাখার নির্বাচনে দলের এ বিভক্তির প্রভাব পড়তে পারে বলে শিক্ষকেরাই জানিয়েছেন। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন হচ্ছে ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)’। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সমন্বয়ে এই দল প্রতিষ্ঠিত হয়। এ বিষয়ে আওয়ামীপন্থী শিক্ষক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি বিভিন্ন বিভাগে তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দলীয় মেধাবী প্রার্থীদের উপেক্ষা করা হয়েছে। এমনকি কয়েকটি বিভাগে শিবির-সমর্থিতদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর দলের স্ট্যান্ডিং কমিটির নির্বাচনও যথাযথ নিয়মে অনুষ্ঠিত হয়নি। এসব কারণে আমাদের মধ্যে ক্ষোভ রয়েছে।’ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহউদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়ে আওয়ামীপন্থী শিক্ষকদের কোনো গুরুত্ব নেই। একই সঙ্গে কিছু শিক্ষক দলকে নাস্তানাবুদ করছেন। তাঁরা বলেছেন, তাঁরা দল ভাঙার পক্ষে নন। তবে ‘বেশি বাড়াবাড়ি করলে’ মুক্তিযুদ্ধ ও আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে আলাদা সংগঠন গঠন করা হবে বলে তাঁরা হুমকি দিয়েছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকেরা গত সোমবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নিচতলার একটি কক্ষে মিলিত হন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়। বৈঠকে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে নতুন শিক্ষক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষক ও হলুদ দলের জ্যেষ্ঠ সদস্য মইনুল ইসলাম এবং কাজী মোস্তাইন বিল্লাহকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত হয়। জ্যোতি প্রকাশ দত্ত ও গাজী সালেহউদ্দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয় স্বীকার করেছেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে নতুন শিক্ষক সংগঠনের জন্য দুটি সম্ভাব্য নাম নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য নামগুলো হচ্ছে: ‘বঙ্গবন্ধুর চিন্তা ও আদর্শ চর্চা কেন্দ্র’ এবং ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়ন পরিষদ’। অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আওয়ামীপন্থী শিক্ষকেরা কোণঠাসা। তাই নতুন সংগঠন গঠন করা হবে। এ সংগঠনের মাধ্যমে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠবে। এ সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হবে।’ বৈঠক সূত্র জানায়, আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য জ্যোতি প্রকাশ দত্ত, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শাহ আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৌহিদ হোসেন চৌধুরী প্রমুখ।