জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। গত রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে রোববার রাত সাড়ে এগারোটার দিকে রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক নির্বাচনের ফল ঘোষণা করেন।
সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধির ২৫ জন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেল থেকে। অন্যদিকে আওয়ামী-বিএনপি-বামপন্থী শিক্ষকদের সমন্বয়ে গঠিত সম্মিলিত শিক্ষক সমাজের প্যানেল থেকে আটজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাঁরা তিন বছর সিনেটে শিক্ষকদের প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনে স্বতন্ত্র ৮ জন, দুটি প্যানেল থেকে ৩৩ জন করে শিক্ষক অংশ নেন।
সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যায়ের শিক্ষক ক্লাবে ভোট হয়। এতে ৪৯৬ জন শিক্ষকের মধ্যে ভোট দেন ৪৭৬ জন।
পদার্থবিজ্ঞানের এ এ মামুন সর্বোচ্চ ২৮১ ভোট, নৃবিজ্ঞানের রাশেদা আখতার ২৬৫ ও গণিতের লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ২৬৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।