রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদে শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং এ ঘটনার প্রতিকারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে ‘মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শিক্ষক সমাজ’ উপাচার্যের কাছে সঞ্চারকলিপি দিয়েছে। গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করে এ স্মারকলিপি দেয় তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সঞ্চারকলিপি সূত্রে জানা যায়, গত বছরের ৩ নভেম্বর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আবু জাফর মো. ইমরানকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গত ১১ মার্চ তিনি যোগদান করেন। এরপরই একটি উড়ো চিঠির মারফত তাঁর সনদ জালিয়াতি-সংক্রান্ত একটি অভিযোগ পায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। আবু জাফরের বিবিএ ও এমবিএর সনদ জাল-সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি গত ২৩ এপ্রিল পদত্যাগ করেন।
প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক সরিফা সালোয়া বলেন, ‘জাল সনদে শিক্ষক নিয়োগের বিষয়টি প্রমাণিত। আমরা জালিয়াতি ও প্রতারণার দায়ে অভিযুক্ত আবু জাফরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।’
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ফেরদৌস রহমান জাল সনদে আবু জাফরের চাকরি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে অভিযুক্ত আবু জাফরের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।