প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা গরমে ফরিদপুর ও চুয়াডাঙ্গায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে শিশু বিভাগের কনসালট্যান্ট মাহবুবুর রহমান বলেন, গরমের কারণে শিশুরা ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর চুয়াডাঙ্গার পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। ওই দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এখানে। ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু-এক দিন এমন তীব্রতা থাকবে।
দৌলতদিয়া গ্রামের রিকশাচালক আবদুল মালেক বলেন, ‘য্যারাম গরম পড়চে, তাতে রিসকা চালাতি গেলি গা পুইড়ে ঝলসি যাচ্চে। লোকজন বাইরে তেমন বের হচ্চে না। তাই আয়-রুজগারউ কুইমে গিয়েচে।’ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণি মোহন বিশ্বাস বলেন, গরমের কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির হার বেড়েই চলেছে।
এদিকে কয়েক দিনের অব্যাহত প্রচণ্ড গরমে ফরিদপুরে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও বাড়তে থাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে চাইছে না। দুপুর ১২টার পর রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন বেশি। একটু স্বস্তির আশায় মানুষ ছায়া খুঁজে বেড়াচ্ছে। তেষ্টা মেটাতে কেউ ডাবের পানি পান করছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে প্রচুর।
ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরজুল আমিন বলেন, গতকাল ফরিদপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।