প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ

প্রচণ্ড গরম ও দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের সঙ্গে সঙ্গে প্রাণীকুলও দেখা গেছে পানি আর শীতল ছায়ার জন্য হাসফঁাস করছে। মানুষ দিনের প্রথমভাগে কাজ শুরু করলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তৎপরতা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। পরে আবার বিকেলের ছায়ায় পথে নামছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রাজশাহী: রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১১ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত রবি ও শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজশাহীর তাপমাত্রা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ। পরের দুই দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ও ৪০ দশমিক ৬ ডিগ্রি।
গতকাল দুপুরের দিকে রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় দেখা যায়, রাস্তাঘাটে মানুষ চলাচল কমে গেছে। নগরের কাজের সন্ধানে আসা শ্রমজীবী মানুষকে মাথাল মাথায় দিয়ে চলাফেরা করতে দেখা গেছে। নগরের মোড়ে মোড়ে বরফ মেশানো পানির শরবত বিক্রি বেড়ে গেছে।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, মোটরসাইকেল নিয়ে দুপুরে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। চোখে-মুখে যেন আগুনের তাপ লাগছে।
রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক চিকিৎসক জোহা এম এম হোসেন বলেন, প্রচণ্ড তাপের কারণে শরীর থেকে লবণ বের হয়ে যায়। এ জন্য আক্রান্ত রোগীর খিঁচুনি হতে পারে। শেষ পর্যন্ত রোগী চেতনা হারাতে পারে। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। এ জন্য যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকতে হবে।
ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে গতকাল সোমবার এ বছরের (ঈশ্বরদীতে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার তাপমাত্রা ছিল ৩৯.৫ এবং শনিবার ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ঈশ্বরদীর আশপাশের অঞ্চলেও। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গরমের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে।
এদিকে দাবদাহে গতকাল ঈশ্বরদীর জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে। গতকাল কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গরমে মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায়। শহরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে দুই-একটি ক্লাস নেওয়ার পর দাবদাহের কারণে ছুটি দেওয়া হয়।
ঈশ্বরদী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রুবেল হোসেন জানান, কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের কারণে তিনি দোকানে ঠিকমতো কাজে আসতে পারছেন না। দুপুরের পর তাপমাত্রা কমে গেলে বিকেলে দোকানে এসে তিনি কাজ করেন।
শিবগঞ্জ (বগুড়া): শিবগঞ্জে মানুষ কয়েক দিন ধরে বাধ্য না হলে আর ঘর থেকে বের হচ্ছে না। ফলে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে।
উপজেলা সদরের প্রসাধনী ব্যবসায়ী বজলুর রহমান বলেন, ‘প্রচণ্ড গরমে ব্যবসা-বাণিজ্যের সময় বদলে গেছে। সকাল ৭টা থেকে ১০টার মধ্যেই খুচরা-পাইকারি কেনাবেচা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপর আর কেউ খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছে না। সকাল সাড়ে ১০টার মধ্যে দিনের মতো ব্যবসা শেষ। ফের সেই বিকেল পাঁচটা-সাড়ে পাঁচটায় লোকে দোকান খুলছে।’
উপজেলার আমঝুপি গ্রামের চাল ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, ‘গরমের কারণে ব্যবসা এখন এক বেলায় ঠেকেছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ। সাধারণ ক্রেতা বলুন আর ব্যবসায়ী, প্রয়োজনের জিনিসটুকু ছাড়া কেউ কিছু কিনতে চাইছে না। যার ঘরে চাল-ডাল আছে, সে তা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে।’
উপজেলার নাটমরিচাই গ্রামের কৃষক ইয়াছিন আলী বলেন, শুধু ব্যবসায় মন্দা নয়, প্রচণ্ড গরম আর খরার কারণে মৌসুমি সবজি থেকে আমের গুটি, লিচুর গুটি—কোনোটাই ঠিকমতো বেড়ে উঠতে পারছে না।’
শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু ছাইদ বলেন, সবজি ব্যবসায়ী, মুদি দোকানদার, হোটেল ব্যবসায়ী বা কৃষক—সবাই এখন বৃষ্টি চাইছেন মনেপ্রাণে।