প্রচণ্ড গরমে বগুড়ায় জনজীবন অচলপ্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে প্রখর রোদ, দুপুর থেকে বিকেল অবধি চলে দাবদাহ। আর রাতে অসহনীয় গরম। এমন শ্বাসরুদ্ধকর বৈরী আবহাওয়ায় বগুড়া শহরের স্বাভাবিক জনজীবনে চরম ছদ্মপতন ঘটেছে। শহর থেকে দূরে গ্রামীণ জনপদেও দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের রোজকার জীবনযাপন।
গত কয়েক বছরে এমন অসহনীয় আবহাওয়ার মোকাবিলা করতে হয়নি বগুড়াবাসীকে। গতকাল শুক্রবার বগুড়ায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হাবিবুল বারী জানান, গতকাল বগুড়ায় কয়েক বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে।
শহরের জলেশ্বরীতলার গৃহবধূ সেলিনা হোসেন বলেন, দিনে-রাতে গাছের পাতাও নড়ে না। মাঝে মাঝে দম বন্ধ হওয়ার মতো গরম হাওয়া বয়ে যায়। বাসায় ছোট ছোট বাচ্চা। সারা দিন ছটফট করে। রাতে একটুও ঘুমাতে পারে না।
রেলওয়ে বস্তির নারী শ্রমিক মোবেদা বেগম বলেন, ‘ইংকা গরম হামি বাপ-জনমেও দেকিনি। ঘরত থাকপার পারিচ্চি না। দিন-রাত আগুনের হলকার মতন গরম।’ আর স্টেশন এলাকায় রিকশাচালক শুকরা মিয়া বলেন, ‘গরমত জীবন বাইর হয়্যা যাচ্চে। রাস্তাত রিকশা লিয়ে যকন বের হচ্চি, মনে হচ্চে গাওত রোদের ফস্কা পড়িচ্চে।’
গরম থেকে বাঁচতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ছুটছেন হাতপাখা, বৈদ্যুতিক পাখা ও আইপিএসের দোকানে। অন্যদিকে অভিজাত এলাকার বিত্তশালীরা ভিড় করছেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের দোকানে। কিন্তু প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কিছুতেই রক্ষা মিলছে না।
গরমে জনজীবন যখন স্থবির হওয়ার উপক্রম; তখন তরমুজ, ডাব, বেল, শরবত, আইসক্রিম, দই, লাচ্ছি, ফালুদা ও পানীয় ব্যবসায় একেবারে পোয়াবারো। শহরের ফুটপাতের শরবতের দোকান থেকে শুরু করে অভিজাত এলাকার ফাস্টফুডের দোকান পর্যন্ত সর্বত্রই গরমে প্রশান্তি পেতে ক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন।
স্টেশন সড়কে শরবত ক্রেতা লেদশ্রমিক নাজমুল হোসেন বলেন, ‘গরমত জীবন যায় যায় অবস্থা। শরবত খ্যায়া জীবন বাঁচানোর চেষ্টা করিচ্চি।’