প্রচণ্ড গরমে মাছ চাষ ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র দাবদাহে খালবিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই। ফলে বাড়ছে পানির তাপমাত্রা। এতে করে বগুড়ার শিবগঞ্জে বিপাকে পড়েছেন মাছচাষিরা।

উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের মাছচাষি কোরবান আলী (৪৮) বলেন, ‘আমার তিনটি পুকুর রয়েছে। সবগুলোর পানিই তলানিতে নেমেছে। প্রচণ্ড গরমে মাছের পাখনায় রোগ দেখা দিচ্ছে। আমরা চুনসহ শ্যালো চালিয়ে পুকুরে পানির উচ্চতা বাড়াচ্ছি। সময় না হলেও কিছু মাছ তুলে বিক্রিও করে দিয়েছি।’

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১০ হাজার পুকুর রয়েছে। মাছ চাষের জন্য ২৫ থেকে ৩২ ডিগ্রি আদর্শ তাপমাত্রা। সাধারণত পুকুরের পানির স্তর পাঁচ ফুটের ওপরে থাকলে মাছের ক্ষতির আশঙ্কা কম থাকে। কিন্তু বৃষ্টি না হওয়ায় পুকুরের পানির স্তর হু হু করে নামছে। এতে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। আর পানিতে অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করছে মাছ। ফলে মাছের ক্ষতির আশঙ্কাও বাড়ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রনি চন্দ্র মণ্ডল বলেন, ‘প্রচণ্ড উত্তাপের হাত থেকে মাছ বাঁচাতে পুকুরে চুন মিশিয়ে দেওয়া ও সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া এবং পুকুরের পানি টানা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে পানিতে অক্সিজেনের জোগান বাড়বে। তখন মাছ স্বস্তি পাবে।’