প্রচণ্ড গরমে লোডশেডিং, যন্ত্রণায় চট্টগ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমের সঙ্গে যোগ হয়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরসহ আশপাশের জেলা ও উপজেলার মানুষের জনজীবন। এক সপ্তাহ ধরে দিনে ছয় থেকে সাতবার লোডশেডিং হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়াকে লোডশেডিং বলতে নারাজ। তাঁদের দাবি, এটি বিদ্যুৎ-বিভ্রাট।

মূলত চারটি কারণে বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে বলে জানান পিডিবির কর্মকর্তারা। তাঁরা বলেন, পুরোনো লাইনের কারণে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’র আওতায় পুরোনো লাইন পরিবর্তন করা হচ্ছে। প্রকল্পের কাজ চলার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উড়ালসড়ক প্রকল্পের কারণেও অনেক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এর বাইরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবিএল) রক্ষণাবেক্ষণ কাজের জন্যও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

পিডিবির দক্ষিণাঞ্চলের অধীনে চট্টগ্রাম নগর, হাটহাজারী উপজেলা, সীতাকুণ্ড ও পটিয়া উপজেলার একাংশ, তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার সদর ও রামুতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় মোট গ্রাহক ৮ লাখ ৮০ হাজার।

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার বাসিন্দা সামিনা ইসলাম প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে লোডশেডিং বেশি হচ্ছে। বিদ্যুৎ একবার গেলে এক থেকে দুই ঘণ্টা পর আসে। এলেও আবার কিছুক্ষণের মধ্যে চলে যায়। প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে ঘরের কাজকর্ম করা কঠিন হয়ে পড়েছে।

ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাচ্চাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে জানান চট্টগ্রাম নগরের পশ্চিম খুলশী আবাসিক এলাকার বাসিন্দা শাওলিন হক। তিনি জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আইপিএসও চার্জ দেওয়া যাচ্ছে না।

চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে ব্যক্তিগত চেম্বার রয়েছে দন্ত চিকিৎসক মোহাম্মদ উল্লাহর। তিনি প্রথম আলোকে বলেন, দিনে ছয় থেকে সাতবার বিদ্যুৎ যায়। একবার গেলে অনেকক্ষণ পর আসে। এতে রোগীরা ফেরত যান।

পিডিবির দক্ষিণাঞ্চল কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৬ মে এই অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ৯৫৫ মেগাওয়াট। পাওয়া যায় ৯৩৮ মেগাওয়াট। ১৭ মে ১ হাজার ৬১ মেগাওয়াট চাহিদা থাকলেও বিদ্যুৎ পাওয়া যায় ৮৪৫ মেগাওয়াট। ওই দিন ঘাটতি ছিল ২১৬ মেগাওয়াট। পরদিন ৯৮৫ মেগাওয়াটের জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয় ৯৫০ মেগাওয়াট। তবে ১৯ মে চাহিদা অনুযায়ী ৮৮১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। ২০ মে ১ হাজার ৭ মেগাওয়াট চাহিদা থাকলেও বিদ্যুৎ পাওয়া যায় ৯৩৭ মেগাওয়াট। আর ২১ মে ৯৩৫ মেগাওয়াটের মধ্যে সরবরাহ করা হয় ৯১৫ মেগাওয়াট বিদ্যুৎ। নিজস্ব উৎপাদন ও জাতীয় গ্রিড থেকে এই বিদ্যুৎ পায় পিডিবি।

পিডিবির দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের শুরুতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে। তখন আর বিদ্যুৎ-বিভ্রাট থাকবে না।