প্রচণ্ড শব্দে ঘুম ভাঙে ঝালকাঠিবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার গভীর রাতে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় ঝালকাঠি শহরবাসীর। অনেকে মনে করেন শহরের কলেজ রোড এলাকায় গোলাগুলি হচ্ছে। রাত সোয়া একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত প্রচণ্ড শব্দে অনেকে রাস্তায় নেমে আসে। পুলিশের আটটি দল খুঁজতে থাকে শব্দের উৎস।অনেকে থানায় ফোন করেন, ঘটনা জানার জন্য। থানা থেকে প্রথমে জানানো হয়, সরস্বতী পূজা উপলক্ষে হয়তো পটকা ফোটানো হচ্ছে। রাত তিনটার দিকে পুলিশ শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকায় গিয়ে পটকা ও আতশবাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন হোসেন মোবারক (২৮), অঞ্জন সরকার (২৩) ও বিপুল সরকার (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পশ্চিম চাঁদকাঠির নতুন কলেজ সড়কের বাসিন্দা ধীরেন চন্দ্র সরকারের মেয়ে প্রজ্ঞা সুস্মিতা নিতুর বিয়ে হচ্ছিল। বর স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতার ভাগনে ভোলার বাসিন্দা অমিত দেবনাথ। তিনি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত একটার দিকে পাত্র ও তাঁর বন্ধুরা বিয়ে বাড়ির ছাদে উঠে উচ্চক্ষমতাসম্পন্ন পটকা এবং আতশবাজি ফোটানো শুরু করেন। আতশবাজির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত হয়ে পড়ে পুলিশ কর্মকর্তাদের মুঠোফোন। ঝালকাঠি থানার দ্বিতীয় কর্মকর্তা জাফর আহম্মেদ বলেন, ওই বাড়িতে পটকা বা আতশবাজি ফোটানোর কোনো অনুমতি ছিল না। গভীর রাতে প্রচণ্ড শব্দে শহরের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে এবং আতঙ্ক সৃষ্টি হয়। প্রকৃত ঘটনা তদন্ত করে দেখার জন্য তিনজনকে আটক করা হয়েছে। কনের চাচা মৃণাল কান্তি সরকার বলেন, বর ও তাঁর বন্ধুরা আনন্দ-ফুর্তির অংশ হিসেবে তাঁদের অগোচরে বাড়ির ছাদে উঠে আতশবাজি ফোটান। যার শব্দ ছিল প্রচণ্ড এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়, এটা করা ঠিক হয়নি। পশ্চিম চাঁদকাঠির বাসিন্দা কামাল হোসেন বলেন, প্রথমে শব্দ শুনে আমরা মনে করেছিলাম শহরে ডাকাত-পুলিশ গুলিবিনিময় হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করে। ভোরে জানতে পারেন বিয়েবাড়িতে পটকা ও আতশবাজি ফোটানো হয়েছে।