প্রচলিত অ্যান্টিবায়োটিক কিছু রোগে অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কোলাই, স্টেফাইলোকক্কাস, সিউডোমোনাস ও ক্লেবসিয়েলা—এই চারটি ব্যাকটেরিয়া অধিকাংশ ক্ষেত্রে ওষুধ প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করেছে। এসব ব্যাকটেরিয়া ধ্বংসে দেশে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো কার্যকারিতা হারিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষকেরা জানিয়েছেন, ই-কোলাইয়ের কারণে ডায়রিয়া ও মূত্রতন্ত্রে সংক্রমণ হয়। স্টেফাইলোকক্কাস কাটা-ছেঁড়া, নরম টিস্যু ও শ্বাসনালিতে সংক্রমণ ঘটায়। সিউডোমোনাস যেকোনো সংক্রমণের জন্য দায়ী। তবে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) থাকা রোগী এতে বেশি আক্রান্ত হয়। আর ক্লেবসিয়েলা শ্বাসতন্ত্র ও মূত্রতন্ত্রের সংক্রমণের জন্য দায়ী।
বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. সায়েদুর রহমান ও বাংলাদেশ মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক শর্মিলা হুদা চারটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত এক হাজার ৮০৩ জন রোগীর চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রের তথ্য বিশ্লেষণ করেছেন। তাঁদের গবেষণা প্রবন্ধ ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিসটেন্স অ্যান্ড রিলেটেড ইস্যুজ: এন ওভারভিউ অব বাংলাদেশ সিচুয়েশন’ শিরোনামে বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক সাময়িকীতে ছাপা হয়েছে।
সায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা চারটি ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করেছেন। কিন্তু বাস্তবে প্রায় সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো অকার্যকর হয়ে পড়েছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের িডন ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল খান বলেন, আগে হয়তো তিন দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে রোগী আরোগ্য লাভ করত, এখন পাঁচ দিন বা তার বেশি সময় লাগছে। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এতে চিকিৎসা-ব্যয়ও বাড়ছে।
শুধু বাংলাদেশ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো পৃথিবীব্যাপী অকার্যকর হয়ে পড়ছে। সংস্থাটির গত এপ্রিলে প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিসটেন্স: গ্লোবাল রিপোর্ট অন সার্ভিলেন্স ২০১৪’তে বলা হয়েছে, প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো অকার্যকর হওয়ায় সামাজিক ও চিকিৎসা-ব্যয় বেড়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ‘বৈশ্বিক ঝুঁকি ২০১৩’ শীর্ষক প্রতিবেদনে বলেছিল, ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার বিরূপ প্রভাব সবার ওপর পড়ছে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে ০ দশমিক ৪ থেকে ১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত জিডিপি হ্রাস পেয়েছে।
গবেষণায় যা পাওয়া গেছে: বিএসএমএমইউর অণুজীববিজ্ঞান বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২০১০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন নমুনা পরীক্ষার সংবেদনশীলতার তথ্য গবেষকেরা ব্যবহার করেছেন। তাঁরা মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যসূচি, চিকিৎসকদের ব্যবস্থাপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি এবং স্বাস্থ্যনীতি, ওষুধনীতি ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করেছেন।
গবেষণায় দেখা গেছে, ই-কোলাই ধ্বংসে ৬০ শতাংশ ক্ষেত্রে সিপ্রোফ্লোক্সোসিন, সেফট্রিয়াক্সন ও সেপ্টাজিডিম অকার্যকর হয়ে পড়েছে। ১০ শতাংশ ক্ষেত্রে অকার্যকর হয়েছে এমিকাসিন ও ইমিপেনেম।
স্টেফাইলোকক্কাস ধ্বংসে ৭০ শতাংশ ক্ষেত্রে সেপ্টাজিডিম, ৬০ শতাংশ ক্ষেত্রে ক্লোক্সাসিলিন ও সেফট্রিয়াক্সন অকার্যকর হয়ে পড়েছে। এই ব্যাকটেরিয়া ধ্বংসে ৯৫ শতাংশ ক্ষেত্রে কার্যকর আছে এমিকাসিন ও ভ্যানকোমাইসিন।
সিউডোমোনাস ধ্বংসে ৭০ শতাংশ ক্ষেত্রে সেপ্টাজিডিম ও সেফট্রিয়াক্সন, ৫০ শতাংশ ক্ষেত্রে নেটিলমাইসিন ও সিপ্রোফ্লোক্সোসিন কাজ করছে না। তবে এখনো ইমিপেনেম ৯৫ শতাংশ ক্ষেত্রে কাজ করছে।
একইভাবে ক্লেবসিয়েলা ধ্বংসে ৬০ শতাংশ ক্ষেত্রে সিপ্রোফ্লোক্সোসিন ও সেফট্রিয়াক্সন কাজ করছে না। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কার্যকর আছে এজিথ্রোমাইসিন (৯৫ শতাংশ ক্ষেত্রে) এবং এমিকাসিন ও ইমিপেনেম (৮০ শতাংশ ক্ষেত্রে)।
ইকবাল হোসেন চৌধুরী বিএসএমএমইউর আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) কাজ করছেন ১১ বছর। প্রথম আলোকে তিনি বলেন, ভর্তি হওয়া রোগীদের অ্যান্টিবায়োটিক সংবেদনশীলতা প্রতিবেদনে (কালচার সেনসিটিভিটি টেস্ট) দেখা যায়, দেশে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো তাদের ক্ষেত্রে প্রায় অকার্যকর।
চিকিৎসকেরা যা বলছেন: গবেষণায় ২১৪ জন চিকিৎসকের মতামত নেওয়া হয়েছে। তাঁরা চারটি প্রধান কারণে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন। এগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, জ্বর, মূত্রতন্ত্রের সংক্রমণ এবং অস্ত্রপচার-পরবর্তী সংক্রমণ। এ ছাড়া ম্যানেঞ্জাইটিস, ডায়রিয়া, আমাশয়, সেপটিসেমিয়া, গলার ব্যথায়ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
২১৪ চিকিৎসক ব্যবস্থাপত্রে প্রয়োজনের বেশি অ্যান্টিবায়োটিক লেখার কতগুলো কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে আছে রোগ নির্ণয়ে অনিশ্চয়তা, ব্যাকটেরিয়ায় সংক্রমণের আশঙ্কা, আগে হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নেওয়া, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সম্পর্কে তথ্যের স্বল্পতা, অ্যান্টিবায়োটিক ব্যবহারে রোগীর ইচ্ছা, নতুন অ্যান্টিবায়োটিকের প্রচার এবং রোগী হাতছাড়া হওয়ার আশঙ্কা।
কেন এমন হলো: বিশেষজ্ঞরা বলছেন, যথেচ্ছ ও ভুল ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার প্রথম আলোকে বলেন, গবেষণায় দেখা গেছে, মূলত গ্রাম্য চিকিৎসকেরাই রোগীদের যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন। অন্য ভুলটি হয় রোগীর পক্ষ থেকে। পাঁচ দিন সেবন করার কথা থাকলেও তিন দিন পর ভালো বোধ করলে রোগী সেবন বন্ধ করে দেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে কঠোর বিধিবিধান না থাকায় যে কেউ ওষুধের দোকান থেকে যেকোনো অ্যান্টিবায়োটিক কিনতে পারেন। চিকিৎসকের পরামর্শের তোয়াক্কা না করে মানুষ অ্যান্টিবায়োটিক কিনছে হরহামেশা।
কিছু ক্ষেত্রে চিকিৎসকেরাও ভুলও করেন। প্রতিটি ক্ষেত্রে যথাযথ পরীক্ষার পর ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখতে হয়। কিন্তু সব জায়গায় পরীক্ষাগার না থাকায় চিকিৎসকেরা অভিজ্ঞতার ওপর নির্ভর করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষার সুযোগ না থাকা, থাকলেও তা ব্যয়বহুল হওয়া এবং এ বিষয়ে নিয়মিত তথ্য না পাওয়াকেই প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।
গবেষণায় দেখা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল শিক্ষাকোর্সে অ্যান্টিবায়োটিক প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যসূচিতেও অ্যান্টিবায়োটিক বা তার প্রতিরোধ বিষয়ে কোনোকিছুর উল্লেখ নেই। গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ বা সচেতনতামূলক নিবন্ধ প্রকাশ করে না। জাতীয় স্বাস্থ্যনীতি, জাতীয় ওষুধনীতি, ওষুধ নিয়ন্ত্রণ আইনেও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই।
করণীয়: সায়েদুর রহমান বলেন, প্রতিরোধী জীবাণুর উদ্ভবের পেছনে যেসব কারণ দেখা যাচ্ছে, সেগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারই প্রধান। এর থেকে উত্তরণে স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও পরীক্ষায় অ্যান্টিবায়োটিকের গুরুত্ব বৃদ্ধি, সাধারণ শিক্ষার পাঠ্যসূচিতে এ বিষয়ে অন্তত একটি অধ্যায় যুক্ত করা এবং গণমাধ্যমে নিয়মিত প্রচার শুরু করা দরকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্যনীতি, ওষুধনীতি, ওষুধ নিয়ন্ত্রণ আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা।
এ ব্যাপারে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক এ এ সেলিম বারামি বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি না করা, পূর্ণ মেয়াদে ওষুধ সেবন করা এবং ঠিকভাবে ওষুধ সংরক্ষণে মেডিকেল কলেজগুলোতে পোস্টার লাগানো হয়। কিন্তু অন্য পোস্টারের ভিড়ে এসব পোস্টার চোখে পড়ে না। অন্যদিকে অর্থের স্বল্পতার কারণে জেলা পর্যায়ে ওষুধ বিক্রেতাদের সচেতন করার কাজটি আপাতত বন্ধ আছে।
ইসমাইল খান বলেন, কঠোর আইন করতে হবে, যেন মানুষ ব্যবস্থাপত্র ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কিনতে না পারে। সায়েদুর রহমান বলেন, সরকারি হাসপাতালে রোগীদের পূর্ণ মেয়াদের অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুজনই বলেছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করার ব্যাপকভিত্তিক উদ্যোগ নেওয়া জরুরি।