প্রচলিত আইনে অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জড়িতদের বিচার প্রচলিত আইনের মাধ্যমে করার দাবি জানিয়েছেন তাঁর সহকর্মী-শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে এক মৌন মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদুল্লাহ কলা ভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে জড়ো হন তাঁরা।

সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার বলেন, ‘সিদ্দিকী স্যার হত্যার ৫০ দিন পেরিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজনকে ঢাকায় কথিত ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা ক্রসফায়ার নয়, দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ সময় বিভাগের শিক্ষক অধ্যাপক অসীম কুমার দাস, অধ্যাপক শহীদুর রহমান, সহযোগী অধ্যাপক শেহনাজ ইয়াসমীন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক রুবাইদা আখতার এবং বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম। এ ঘটনায় সন্দেহভাজন জড়িত একজন ৭ জুন ভোরে ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।