প্রচলিত আইনে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিচার করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ক্ষমতা দখলকারী ব্যক্তিদের বিচার প্রচলিত আইনে করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারেন, সে জন্য ইতিমধ্যেই জাতীয় সংসদকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংসদ আইন করে সামরিক শাসকদের বিচারের জন্য ব্যবস্থা নিতে পারবে।”গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় এখনো দেখেননি তিনি। তবে পত্রিকা পড়ে যতটুকু জেনেছেন, তাতে রায়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা থাকলে সে আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ও মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে শফিক আহমেদ বলেন, কোনো ব্যক্তির বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। আইনমন্ত্রী বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। সপ্তম সংশোধনীর মাধ্যমে স্বৈরশাসনের বৈধতা দেওয়া হয়েছে। দুটি কাজই অন্যায় ও বিচার হওয়ার যোগ্য। সংবিধান সংশোধন কমিটি সপ্তম সংবিধানের বিষয়েও সিদ্ধান্ত নেবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একান্তই কমিটির ইচ্ছা। ফরমান দিয়ে সংবিধান সংশোধন করে ক্ষমতা চর্চার দিন শেষ হয়ে গেছে। সপ্তম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এই রায়ে ভবিষ্যতে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ব্যক্তিরা নিরুৎসাহিত হবেন।