দেশের প্রচলিত আইনে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ বলে কোনো শব্দ নেই। বিশ্বব্যাপী স্বীকৃত আইনের শাসনের ধারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো অপরাধীকে, তা সে যতই দুর্ধর্ষ হোক না কেন, বিনা বিচারে হত্যা এমনকি নির্যাতন করার অধিকার দেওয়া হয়নি। গতকাল বুধবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ৩৪ জন বিশিষ্ট ব্যক্তি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেছেন, ‘তথাকথিত টার্গেটেড কিলিং তদন্তের লক্ষ্যে আটককৃত সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশের হেফাজতে একের পর এক হত্যা করা হচ্ছে। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুতেই গ্রহণযোগ্য নয়। দেশের লেখক, ব্লগার, পুস্তক প্রকাশক, বিদেশি নাগরিক, সাধু, পীর-ফকির, পুরোহিত, ধর্মযাজক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যকর্মী ও এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে যে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে, তাতে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত ও স্তম্ভিত। এই সব খুনের হোতা, কথিত জঙ্গি-সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ বাহিনী বিশেষভাবে তৎপর হবে, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু তার অর্থ এই নয় যে পুলিশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাবে।’
বিবৃতিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী মাদারীপুরে এক হিন্দুধর্মাবলম্বী শিক্ষককে খুনের চেষ্টার ঘটনাস্থল থেকে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশ হেফাজতে হত্যার শিকার হয়েছেন। এর ২৪ ঘণ্টা না যেতেই খিলগাঁওয়ে আরেকজন শরিফুল (২৫) তথাকথিত বন্দুকযুদ্ধে মারা যান। এভাবে গত তিন সপ্তাহে সন্দেহভাজন ২২ জন হত্যার শিকার হলেন। এ ছাড়া যশোরে জামিনে মুক্তি পাওয়া মো. হেমায়েতকে (২৭) কারা ফটকে নিরাপত্তাকর্মীর সামনেই গুলি করে হত্যা এবং চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় পুলিশ সুপার জনতার হাতে বাঁশ তুলে দেওয়ার ঘটনা ভয়াবহ ইঙ্গিত দেয়। বাংলাদেশে এর আগে কখনো এভাবে পদ্ধতিগত ও ধারাবাহিক গুপ্তহত্যা কিংবা এত অল্প সময়ের ব্যবধানে এত বিপুলসংখ্যক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কি না সন্দেহ। দেশের নাগরিকেরা তাঁদের পরিবার পরিজনের নিরাপত্তায় স্বাভাবিকভাবেই ভীত হয়ে পড়ছেন।
বিশিষ্টজনেরা এই নিষ্ঠুর, যুক্তিহীন, হঠকারী ও বেআইনি হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন ড. শাহদীন মালিক, ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক পারভিন হাসান, অধ্যাপক সি আর আবরার, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ফিরদৌস আজিম, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক শাহনাজ হুদা, ড. স্বপন আদনান, আইনজীবী সারা হোসেন, ড. শহীদুল আলম, ড. বীনা ডি কস্টা, ড. ফস্টিনা পেরেরা, ফরিদা আখতার প্রমুখ।