প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, সুষ্ঠু বিচারব্যবস্থা একটি দেশকে সুন্দর করে তুলতে পারে। তাই বিচারের পরিবেশ সুন্দর রাখতে হবে। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে সতর্কতার সঙ্গে মামলা পরিচালনা করতে হবে। মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে হবে। সময়ের মূল্য দিতে সকাল সাড়ে নয়টায় বিচারকাজ শুরু করতে হবে।’ আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, বিচারপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে। রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক বি এম এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, প্রধান বিচারপতি গতকাল বিকেল পাঁচটায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে প্রধান বিচারপতি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচারবিভাগ পৃথক্করণের সুফল বিচারপ্রার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য বিচারক ও আইনজীবীদের সব সময় সচেষ্ট থাকতে হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মো. মাহাতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সফুরা বেগম প্রমুখ।আমাদের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, প্রধান বিচারপতি গত সোমবার রাতে নীলফামারী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন। সেখানে তিনি বলেন, মামলার জট নিরসন এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারি কৌঁসুলিদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সরকার মনসুর আহম্মেদ, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এম এ নুর, মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মনসুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।