প্রচলিত উত্তরাধিকারী আইনে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজায় হতাহতদের ক্ষতিপূরণ প্রচলিত উত্তরাধিকারী আইন অনুযায়ী দেওয়ার সুপারিশ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি। সুপারিশ অনুযায়ী, স্থানীয় প্রশাসনের মাধ্যমে মৃত বা নিখোঁজ ব্যক্তির প্রকৃত উত্তরাধিকারীর সংখ্যা ঠিক হবে।

রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের ক্ষতিপূরণের হার নির্ধারণের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির দায়িত্ব ছিল শ্রমিকের জন্য ‘যৌক্তিক’ভাবে ক্ষতিপূরণের হার নির্ধারণ করা। তবে শ্রমিক অধিকার নিয়ে কর্মরত, এমনকি এ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকের কাছেও এ সুপারিশের মধ্যে ‘যৌক্তিক’ কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। প্রচলিত আইন বলতে আসলে কী বোঝানো হয়েছে, তা-ও স্পষ্ট করা হয়নি।

মূল কমিটির অধীনে গঠিত ক্ষতিপূরণের হার ও ক্ষতিগ্রস্তের প্রকার নির্ধারণসংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রথম আলোকে বলেন, ক্ষতিপূরণ বরাদ্দে প্রচলিত উত্তরাধিকার আইনের সুপারিশ করেননি তিনি। তিনি বলেন, ‘আমি বলেছি, ক্ষতিপূরণের দাবিদার পরিবারের সকল সদস্যের মধ্যে ক্ষতিপূরণের তহবিলটি অগ্রাধিকারের ভিত্তিতে বণ্টন করে দেওয়া উচিত, যাতে পরিবারের একক প্রতিনিধি সমগ্র অর্থ এককভাবে নিজে ভোগ করতে না পারেন।’

এম এম আকাশ বলেন, ‘নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিদার চিহ্নিত করার ব্যাপারে ডিএনএ টেস্ট ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ ক্ষেত্রে বিশেষ তদন্ত কমিটিকে অন্যান্য অপ্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করে দ্রুত দাবিদারদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছি। কারণ এখন অনেক প্রকৃত দাবিদারকে অমানবিক কষ্টে দিন কাটাতে হচ্ছে।’ তাঁর মতে, ক্ষতিপূরণ বরাদ্দ হবে নিকটতম আত্মীয় যেমন শ্রমিক অবিবাহিত হলে মা-বাবা, তারপর ভাই-বোন। আবার বিবাহিত হলে স্বামী বা স্ত্রী, ছেলেমেয়ে—এভাবে বণ্টন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, কেউ একজন যাতে পুরো টাকা কুক্ষিগত বা দখলে নিতে না পারে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার নয়তলা ভবনটি ধসে পড়‌ে। এতে ১ হাজার ১৩৬ জন শ্রমিক নিহত এবং আহত হন ১ হাজার ১৬৭ জন। ওই বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট রানা প্লাজা নিয়ে সাতটি রুলনিশি জারি করেন। চতুর্থ রুলে বিশেষভাবে গঠিত কমিটিকে ক্ষতিপূরণের হার নির্ণয় করার নির্দেশ দেন। ২০১৪ সালের ২৩ জানুয়ারি কমিটির চতুর্থ সভায় সুপারিশ চূড়ান্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। এখানেই প্রচলিত উত্তরাধিকার আইনের কথা বলা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার প্রথম আলোকে বলেন, সরকারের জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-তে উপার্জন, উত্তরাধিকার, ঋণ, ভূমি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদের ক্ষেত্রে নারীর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার আছে বলে উল্লেখ করা হয়েছে। পোশাকশিল্প কারখানার বেশির ভাগ শ্রমিক নারী এবং অবিবাহিত। ফলে তাঁদের ক্ষেত্রে উত্তরাধিকারের প্রচলিত আইনের বিধানটি প্রযোজ্য নয়।

কমিটির চূড়ান্ত সুপারিশে আরও যা আছে: সব ধরনের অসুস্থ ব্যক্তি পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনা খরচে চিকিৎসা পাবেন। যাঁরা চাকরি হারিয়েছেন এবং কর্মক্ষম আছেন, বিজিএমইএ তাঁদের চাকরির ব্যবস্থা করবে।

আহত বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত উদ্ধারকর্মীদের সঠিক কোনো তালিকা না থাকায় ক্ষতিপূরণের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সুপারিশ করেনি কমিটি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তালিকা করে ক্ষতিপূরণ দিতে পারে। ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে যেসব সাহায্য পেয়েছেন, তা সুপারিশকৃত ক্ষতিপূরণের সঙ্গে সমন্বয় করা হবে না। তবে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকার অনুমোদিত অন্যান্য উৎস থেকে যে অর্থ পাবেন, তা সমন্বয় করা হবে। ক্ষতিপূরণের অর্থ ভবনমালিক, ফ্যাক্টরিমালিক, বিজিএমইএ, বৈদেশিক ক্রেতা বিশেষ করে সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সংগৃহীত হতে পারে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে। ক্ষতিপূরণের সুপারিশ করা হার শুধু রানা প্লাজার শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।