প্রচলিত জ্বালানি ছাড়াই তৈরি হবে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল, গ্যাস, কয়লা কিংবা অন্য কোনো প্রচলিত জ্বালানির ব্যবহার ছাড়াই উৎপাদিত হবে বিদ্যুৎ। এতে মিটবে গার্হস্থ্য প্রয়োজন ছাড়াও কৃষি ও শিল্প খাতের চাহিদা। শুধু অভিকর্ষ শক্তি ব্যবহার করে এই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি বের করার দাবি করেছেন মো. শাহিদ হোসাইন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রযুক্তিটির উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান শাহিদ। অনুষ্ঠানটির আয়োজক ছিল আল্ট্রাম্যাক্স পাওয়ার ডেভেলপমেন্ট লি.। প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘হেভি সারকুলার মুভিং অবজেক্টস ট্রিগারিং এনার্জি’ বা হেকমত কনভারশন টেকনোলজি। তিনি জানান, দুই বছর ধরে গাজীপুরের টঙ্গীতে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তিভিত্তিক ৮০ কিলোওয়াট ক্ষমতার একটি পাওয়ার প্ল্যান্ট সফলতার সঙ্গে চলছে।
শাহিদ হোসাইনের বাড়ি দিনাজপুরের পুলহাটে। ২০০৩ সালে তিনি বিদ্যুৎ উৎপাদনের বিকল্প প্রযুক্তি বের করার কাজ শুরু করেন। ২০০৭ সালে তিনি প্রাথমিক কাজ শেষ করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেকমত টেকনোলজির প্রধান উপদেষ্টা এম শমশের আলী ও শাহিদ হোসাইন। তাঁরা জানান, বাণিজ্যিকভাবে এই প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে সর্বোচ্চ ৭৫ পয়সা। প্রযুক্তিটি ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে বলেও জানান তাঁরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রযুক্তিটির পেটেন্ট নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।