শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কিন্তু প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে সেটি সম্ভব নয়। তাই প্রচলিত শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন প্রয়োজন। এ কারণে নতুন শিক্ষানীতি চালু করেছে সরকার। এটা কোনো দলীয় শিক্ষানীতি নয়। নতুন শিক্ষানীতি হলো জাতীয় শিক্ষানীতি। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নূরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল মান্নান আকন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুনুর রশীদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান।বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মনিরুজ্জামান, প্রক্টর মুহাম্মদ উমর ফারুক প্রমুখ।এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। ১৯৯৯ সালের এই দিনে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার সদর উপজেলার সন্তোষ এলাকার মাওলানা ভাসানীর মাজারসংলগ্ন ৫৬ একর জমির ওপর এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।