স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ২০০৯ সালের মে মাসে মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। কিন্তু ১১ জুন পর্যন্ত কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কেউ মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা নেয়নি।
এদিকে প্রচার-প্রচারণার অভাব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে এখনো এ সেবা সম্পর্কে এলাকার মানুষ কিছুই জানে না।
এ কার্যক্রমের আওতায় হাসপাতালে উপস্থিত না হয়েও সাধারণ মানুষ বা রোগীরা সরকারি নির্দিষ্ট মুঠোফোন নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এ জন্য মুঠোফোনের নম্বর জনস্বার্থে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচার করতে সরকারিভাবে নির্দেশনা রয়েছে। নিয়ম অনুযায়ী, কর্মরত চিকিৎসক ২৪ ঘণ্টা মুঠোফোনে রোগীদের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত পরামর্শ দেবেন। প্রতিদিন কতজন রোগীকে পরামর্শ দেওয়া হলো, রোগীরা কী ধরনের পরামর্শ চেয়েছে, সেসব তথ্য হাসপাতালের একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে রাখার নিয়ম রয়েছে।
কিন্তু নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ছয় বছরে কতজন রোগী মুঠোফোনে পরামর্শ নিয়েছেন, এমন তথ্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই। অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি স্বাস্থ্যসেবা-সংক্রান্ত কোনো প্রচারণা চালায়নি।
১০ জুন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের ওই জরুরি সেবার বিষয়ে তাঁরা কেউ জানেন না।
উপজেলার সদর ইউনিয়নের বানিয়াহাটি গ্রামের শুক্কুর মাহমুদ বলেন, ‘আপনার কাছেই আজ শুনলাম মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা পাওয়া যায়। আমার মনে হয় বিষয়টি এখনো কেউ জানে না।’
নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, ‘আমি একদিন একাধিকবার হাসপাতালের ওই নম্বরে ফোন দিয়েছিলাম। কিন্তু কেউ ধরেনি। তারপর আর কোনো দিন ফোন করিনি।’
গুরুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল রহমান বলেন, হাসপাতালের ওই নম্বর প্রায় সময় বন্ধ পাওয়া যায়। তাদের কাজ ছাড়া মনে হয় ওটি ব্যবহার করা হয় না।
বিষয়টি যাচাই করতে এই প্রতিবেদক ১১ জুন সকাল নয়টায় ওই স্বাস্থ্যসেবা দেওয়ার নির্ধারিত মুঠোফোন নম্বরে (০১৭৩০৩২৪৫২০) একাধিকবার ফোন করেও সেটি বন্ধ পান।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ ভূঁইয়ার ব্যক্তিগত মুঠোফোনে বলেন, সরকারি ওই মুঠোফোনটি পুরোনো হয়ে গেছে, সে কারণে এ রকম হয়ে থাকতে পারে। তা ছাড়া মানুষ সেবা নেওয়ার জন্য ফোনও করে না।
এ বিষয়ে কিশোরগঞ্জের সিভিল সার্জন মোখলেছুর রহমান বলেন, ‘কেউ জরুরি স্বাস্থ্য পরামর্শ না চাইলে আমরা কীভাবে দেব। নিকলী উপজেলার সাধারণ মানুষের সে সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে।’ এলাকায় প্রচার-প্রচারণা না থাকায় এমনটি হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের সাইনবোর্ডে ওই নম্বর দেওয়া আছে।
নম্বরটি নেই জানালে সিভিল সার্জন বলেন, ‘বিষয়টি আমি দেখব, নম্বর না থাকলে দেওয়া হবে। এলাকায় প্রচারের দায়িত্ব তো শুধু হাসপাতালের একার নয়, উপজেলা প্রশাসন ও প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদেরও ভূমিকা রাখতে হবে।’