প্রচার-প্রস্তুতির সঙ্গে আছে দাবিও
>
- জনসভা সফল করতে প্রস্তুতি।
- জেলা-উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা।
- প্রধানমন্ত্রী লেবুখালী এলাকায় সেনানিবাস উদ্বোধন করবেন।
- বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
ছয় বছর পর ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল আগমনকে ঘিরে বিভাগজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে দিন-রাত চলছে সাজসজ্জা-পরিচ্ছন্নতার কাজ। ব্যানার-তোরণে ছেয়ে গেছে চারদিক। জনসভা সফল করতে জেলা-উপজেলা পর্যায়ে চলছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা, প্রচার-প্রচারণা। সেই সঙ্গে বরিশালের উন্নয়নে বিভিন্ন দাবিও তুলছেন দলের নেতারা।
ওই দিন প্রধানমন্ত্রী লেবুখালী এলাকায় সেনানিবাস উদ্বোধন করবেন। সেখান থেকে বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল ও অতিথিদের বরণ করতে গঠন করা হয়েছে নয়টি উপকমিটি। জনসভাকে দক্ষিণাঞ্চলের এযাবৎকালের সবচেয়ে বড় জনসমাবেশে পরিণত করতে চান তাঁরা। এ জন্য বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় চলছে ব্যাপক প্রচার-প্রস্তুতি। চলছে জনসভাস্থল গোছানোর কাজ। নগর ঘুরে দেখা গেছে, সব সড়ক-মহাসড়ক ছেয়ে গেছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার-ফেস্টুন ও তোরণে। সিটি করপোরেশনের পক্ষ থেকেও নগরের সর্বত্র চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুটপাতে রং করা, ভাঙা সড়ক সংস্কারের কাজ।
বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে আমরা নগরের ৩০টি ওয়ার্ডে সভা করেছি। এই জনসভায় বৃহত্তর বরিশাল বিভাগের প্রতিটি জেলা-উপজেলার মানুষের অংশগ্রহণ থাকবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, জেলার প্রতিটি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে সভা করা হয়েছে। এই জনসভা দক্ষিণাঞ্চলে এযাবৎকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে মন্তব্য করেন তিনি।
ছয় বছর পর প্রধানমন্ত্রীর বরিশালে আগমনকে কেন্দ্র করে বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরবেন দলীয় নেতারা। তালুকদার মো. ইউনুস বলেন, ‘প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সবকিছুই করেছেন। জনসভায় বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোলার গ্যাসক্ষেত্র থেকে বরিশালে গ্যাসলাইন স্থাপন, বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদকে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কথা আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।’
বরিশালের প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা বিভাগের মানুষের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। রয়েছে আশা-আকাঙ্ক্ষা। ভোলার গ্যাসক্ষেত্র থেকে বরিশালে গ্যাস আনা এবং প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে বরিশালের রূপাতলীর গ্যাস-টারবাইন চালানো, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, ঢাকা-বরিশাল নৌপথ খননের মাধ্যমে ঝুঁকিমুক্ত ও নির্বিঘ্ন করা এবং বরিশালে অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা—এসব দাবিই উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গতকাল বেলা ১১টায় নগরের বান্দ রোডের পুলিশ অফিসার্স মিলনায়তনে মহানগর পুলিশের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, মঙ্গলবার থেকে নগরের বঙ্গবন্ধু উদ্যান এলাকা ১০ নম্বর ওয়ার্ড এবং এর আশপাশের অন্যান্য ওয়ার্ডের কোনো মসজিদে তাবলিগ জামাতের সমাবেশ করতে দেওয়া হবে না। এই সময়ের মধ্যে মহানগরে কোনো ধরনের ওয়াজ-মাহফিল, সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। নগরের আবাসিক হোটেলগুলোয় বিশেষ তল্লাশি চালানো হবে। এসএসসি পরীক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে, সে জন্য ট্রাফিক পুলিশকে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়।