প্রচার-বিজ্ঞাপনে ঢাকা মুক্তিযুদ্ধের ভাস্কর্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞাপনে ঢাকা পড়েছে নওগাঁ স্বাধীনতা ভাস্কর্য। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বিজ্ঞাপনে ঢাকা পড়েছে নওগাঁ স্বাধীনতা ভাস্কর্য। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রাজনৈতিক প্রচার আর বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে ঢেকে গেছে নওগাঁ শহরের ব্রিজের মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘স্বাধীনতা ভাস্কর্য’। দীর্ঘদিন ধরে এভাবে অযত্ন আর অবহেলায় দাঁড়িয়ে থাকলেও ভাস্কর্যটির সম্মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
পৌরসভা ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে ১৯৯৬ সালের ২৬ মার্চ নওগাঁ ব্রিজের মোড়ে ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পৌর মেয়র আখতার আহমেদ সিদ্দিক। ওই বছরের ৩০ জুলাই ভাস্কর্যটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল। ভাস্কর্যটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের হলেও নির্মাণের পর থেকেই এটির প্রতি কর্তৃপক্ষের যত্নশীল হওয়ার কোনো নজির দেখা যায়নি। স্থানীয় লোকজনও এর গুরুত্ব অনুধাবন করতে পারেননি। বর্তমানে ভাস্কর্যটি বিভিন্ন বাণিজ্যিক পণ্য ও রাজনৈতিক নেতা-কর্মীর ব্যানার-ফেস্টুনে ঢেকে গেছে।
সরেজমিন গতকাল শুক্রবার দুপুরে দেখা যায়, লোহার গ্রিল দিয়ে বানানো প্রাচীর দিয়ে ঘেরা স্বাধীনতা ভাস্কর্যের চারপাশে বিভিন্ন ব্যানার টানানো। ভাস্কর্যের পশ্চিম পাশে ছাত্রলীগ, যুবলীগ, উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতার শুভেচ্ছাবাণী-সংবলিত ব্যানার টানানো রয়েছে। পূর্ব পাশে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বড় ব্যানার রয়েছে। এর পাশেই নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে উদ্যাপন পরিষদ’-এর ব্যানার রয়েছে। আর সামনের প্রাচীরে নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হকের মৃত্যুতে শোক জানিয়ে ওই ব্যবসায়িক সংগঠনটির একটি ব্যানার ঝোলানো হয়েছে। পাশে রয়েছে হারবাল কোম্পানির একটি বিজ্ঞাপন। এ অবস্থায় ভাস্কর্যটির নামফলক পর্যন্ত দেখারও আর কোনো উপায় নেই।
সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মেহমুদ রাসেল বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য সব সময় উন্মুক্ত থাকা দরকার। ভাস্কর্যের গায়ে প্রচার-বিজ্ঞাপনের ব্যানার-বিলবোর্ড লাগিয়ে প্রকারন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকেই আড়াল করা হচ্ছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এর আগে একবার ভাস্কর্যটির সৌন্দর্য রক্ষার জন্য পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। পরে কিছুদিন ভাস্কর্যটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলেও আর খেয়াল রাখেনি কর্তৃপক্ষ।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতেই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। অথচ ব্যানার-ফেস্টুন দিয়ে ভাস্কর্যটি ঢেকে দেওয়া হয়েছে। এটা করে মুক্তিযুদ্ধের চেতনাকেই অসম্মান করা হয়েছে। আড়াল করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে। এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। খুব তাড়াতাড়ি এসব ব্যানার-বিজ্ঞাপন সরিয়ে ফেলার দাবি জানান তিনি।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আবদুল মালেক মুঠোফোনে বলেন, ‘বিষয়টি অসংগত ও অরুচিকর। এই ধরনের কর্মকাণ্ড যাঁরা করেছেন, তাঁদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই। আমাদের দলের অতি উৎসাহী কিছু নেতা–কর্মীর ব্যানার–পোস্টারও সেখানে টানানো দেখেছি। এটা খুবই দুঃখজনক। যে দলের লোকই এটা করুক না কেন, তা মানা যায় না।’ তিনি আরও বলেন, ভাস্কর্যটির মর্যাদা ও সৌন্দর্য রক্ষার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। তারা নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মত প্রকাশ করেন আওয়ামী লীগ নেতা।
এ ব্যাপারে নওগাঁ পৌর মেয়র নজমুল হক বলেন, প্রায়ই ভাস্কর্যের চারপাশ থেকে ব্যানার ফেস্টুন ও বিজ্ঞাপনের বিলবোর্ড সরানো হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সরানোর কিছুদিনের মধ্যে আবার নতুন করে ব্যানার ও বিজ্ঞাপনে ওই জায়গা ভরে যায়। ভাস্কর্যটির সম্মান রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ভাস্কর্যের চারপাশ থেকে ব্যানার ও বিজ্ঞাপন অল্প কয়েক দিনের মধ্যেই সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান।