প্রচারণা অফিস লক্ষ্য করে বোমা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান পদপ্রার্থীর অফিস লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শুক্রবার রাত সোয়া নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দোস্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মোমিন মণ্ডল নির্বাচনী গণসংযোগ শেষে রাত নয়টার দিকে দোস্তপাড়ার তাঁর নির্বাচনী ক্যাম্পে ফিরে আসেন। সেখানে কর্মীদের সঙ্গে আলোচনা শুরুর কয়েক মিনিট পরই একটি বোমা ক্যাম্পের কাছে পড়ে। বোমাটি বিস্ফোরিত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর দুই থেকে তিন মিনিট পর ওই ক্যাম্পের পাশের রাস্তায় একটি পরীক্ষামূলক ডিসকভার গাড়ি থেকে আরও দুইটি বোমা ছোড়া হয়।চেয়ারম্যান পদপ্রার্থী মোমিন মণ্ডল প্রথম আলোকে বলেন, বিষয়টি তাৎক্ষণিক সদর থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতিতে রাখা হয়। মোমিন মণ্ডল অভিযোগ করে বলেন, নির্বাচন থেকে সরিয়ে দিতে ও তাঁর নির্বাচনী প্রচারণায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, কালো টেপ দিয়ে মোড়ানো বোমাগুলো উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো পরিত্যক্ত মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে।