প্রচারণা ও বিক্রি নিয়ে বিক্রেতাদের অসন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে একুশে বইমেলায় গতকাল বড়দের পাশাপাশি ছোটদের উপস্থিতিও ছিল লক্ষণীয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে একুশে বইমেলায় গতকাল বড়দের পাশাপাশি ছোটদের উপস্থিতিও ছিল লক্ষণীয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রামে একুশে বইমেলার ১০ দিন পেরিয়ে গেলেও দর্শনার্থী আর ক্রেতার সংখ্যা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না বিক্রেতারা। তাঁরা বলছেন, ছুটির দিন ছাড়া দর্শনার্থীর সমাগম খুব একটা হয় না। ক্রেতার সংখ্যা থাকে আরও কম। বইমেলার প্রচারণা নিয়েও হতাশা রয়েছে বিক্রেতাদের। অথচ মেলা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি।
১৭ ফেব্রুয়ারি থেকে নগরের মুসলিম ইনস্টিটিউট চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চলছে ১৩ দিনব্যাপী একুশে বইমেলা। চট্টগ্রাম সিটি করপোরেশন এ মেলার আয়োজক।
গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ার আশা ছিল বিক্রেতা ও উদ্যোক্তাদের। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত মেলায় ভিড় দেখা যায়নি। অ্যাডর্ন পাবলিকেশনের কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, একুশে ফেব্রুয়ারি এবং তার আগের দু দিন সাপ্তাহিক ছুটি থাকায় মেলায় বেশ ভিড় ছিল। তবে তখনো প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি। বই কেনার চেয়ে বেশির ভাগ মানুষের বই দেখার প্রতি আগ্রহ ছিল। তিনি বলেন, সর্বোচ্চ ছাড় দিয়েও এই মেলায় প্রত্যাশা অনুযায়ী বই বিক্রি করা যাচ্ছে না।
বড় ভাইয়ের হাত ধরে গতকাল মেলায় আসে নগরের কাজেম আলী উচ্চবিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিদুয়ানুল হক। সে প্রথম আলোকে বলে, ‘ভাইয়ার কাছে শুনে ওর সঙ্গে মেলায় এসেছি। আমার খুব ভালো লাগছে। চারটা গল্পের বই কিনেছি। এরপর থেকে প্রতিবছর আসব।’
বাবা ও ভাইয়ের সঙ্গে মেলায় আসা এইচএসসি পরীক্ষার্থী ফারজানা আকতার বলে, ‘এত বড় বইমেলা হচ্ছে, এটি জেনেছি মাত্র দুই দিন আগে। মেলার প্রচার আরও ভালোমতো করা দরকার ছিল।’
লেখক শামসুল হক বলেন, মেলা প্রাঙ্গণে সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিদিনই আলোচনা অনুষ্ঠান হচ্ছে। একেক দিন একেক ওয়ার্ডের কাউন্সিলররা এসে বক্তব্য দিচ্ছেন। কিন্তু তাঁরা নিজেরাও পরে বইমেলাটা ঘুরে দেখেন না। সিটি করপোরেশনও যথাযথভাবে এর প্রচার করছে না। আর গণমাধ্যমের প্রচারও নেই।
শামসুল হকের মতের প্রতিধ্বনিই পাওয়া গেল লেখক আকতারুল ইসলামের বক্তব্যে। তিনি বলেন, যদি ঠিকঠাক প্রচার হয়, তাহলে ধীরে ধীরে ঢাকার একুশে বইমেলার মতো এ মেলাও জমজমাট হয়ে উঠবে।
গতকাল বইমেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বলুয়ার দিঘী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৯ ফেব্রুয়ারি মেলা শেষ হবে। প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলে।