টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন আদায়ের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ রোববার ঘাটাইল আসছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও আসছেন দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশাসন, প্রার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করতে আজ ঘাটাইল আসছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচন সমন্বয়কারী শহীদুজ্জামান খান জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও আহমদ হোসেন রোববার (আজ) ঘাটাইল আসবেন। তাঁরা উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় কর্মী সমাবেশে বক্তব্য দেবেন। জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহর পক্ষে জনসমর্থন আদায়ের জন্য দুই দিনের সফরে আজ ঘাটাইল আসছেন এইচ এম এরশাদ। তিনি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা এরশাদের সঙ্গে থাকবেন বলে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারী খান জানিয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই ঘাটাইলের বিভিন্ন স্থাপনা প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। শুক্রবার সকালে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের লোকজন পোস্টার সাঁটানো শুরু করেন। দিন শেষ হওয়ার আগেই উপজেলার ছোট-বড় বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলো পোস্টারে ছেয়ে যায়। গতকাল শনিবার সকালে উপজেলার দেউলাবাড়ি, জামুরিয়া, দিগড়, কান্দুলিয়া, চানতারা, কাত্রা, শাহপুরসহ প্রত্যন্ত গ্রাম সত্তুরাবাড়ি, জোড়দীঘি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।এলাকাবাসী জানান, পোস্টার ছাড়াও মাইকে চলছে বিরামহীন প্রচারণা। এতে করে বেকায়দায় পড়েছে উপজেলার জেএসসি পরীক্ষার্থীরা। কারণ আজ থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।তালহা ইবনে যুবাইর নামে এক পরীক্ষার্থী জানায়, দুপুর থেকে রাত আটটা পর্যন্ত মাইকে প্রচারণা চালানো হচ্ছে। এ সময় উচ্চ শব্দে পড়ালেখা করা কষ্টকর হয়ে পড়েছে।