প্রচারণা চালাতে না পারায় বিএনপির ভরাডুবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নীলফামারী সদরের পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামতে না পারায় এমন ফলাফল হয়েছে বলে দলের নেতারা মনে করছেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতায় একটি ইউনিয়নে বিএনপির প্রার্থী দ্বিতীয় অবস্থানে থাকলেও অন্য চারটির একটিতে তৃতীয় ও তিনটিতে সর্বশেষ অবস্থানে ছিলেন।
পলাশবাড়ী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ আলী প্রামাণিক ৪ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী জগদীশ চন্দ্র রায় ৩ হাজার ১৯০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীম তালুকদার ৩ হাজার ১০৩ ভোট পেয়েছেন।
গোড়গ্রাম ইউনিয়নে চার প্রার্থীর মধ্যে ৬ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের রেয়াজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ৫ হাজার ১৪৫ ও বিএনপির প্রার্থী আমিনুজ্জামান ৪ হাজার ১১৪ ভোট পেয়েছেন।
চওড়া বড়গাছা ইউনিয়নে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন ৫ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী জুলফিকার আলী ৩ হাজার ৯৯৬, আওয়ামী লীগের আরেক বিদ্রোহী আবুল খায়ের ৩ হাজার ৫৮০, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির মমতাজুল ইসলাম ১ হাজার ৩১৪ ও বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ১ হাজার ১৩৩ ভোট পান।
পঞ্চপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হবিবর রহমান ৪ হাজার ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুল হক ২ হাজার ৭৪২, দলের আরেক বিদ্রোহী ওয়াহেদুল ইসলাম ২ হাজার ২৪৩, স্বতন্ত্র প্রার্থী নূরুল আমীন সরকার ১ হাজার ৮৯০, আওয়ামী লীগের বিদ্রোহী মশিউর রহমান প্রামাণিক ১ হাজার ১৬৩ ও বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম ৮৫৭ ভোট পেয়েছেন।
লক্ষ্মীচাপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ৫ হাজার ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী শ্যাম চরণ রায় ৩ হাজার ৯৫৯, আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা ১ হাজার ৬৩৭ ও বিএনপির প্রার্থী আশরাফ হোসেন ১ হাজার ১৪ ভোট পেয়েছেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক বলেন, বিএনপির নেতা-কর্মীরা মামলা-মোকদ্দমার কারণে অনেকে জেলে আছেন। আবার অনেকে ভয়ে নির্বাচনী মাঠে নামতে পারেননি। এ কারণে নির্বাচনী ফলাফল এমন হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচনের আগে আমাদের ভোটারদের হুমকি-ধমকি দেওয়া হয়েছিল বলে শুনেছি, তবে এর কোনো সত্যতা এখনো পাইনি।’