সবেমাত্র অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। বিদ্যুৎনির্ভর হিমাগারটিতে এখনো বিদ্যুতের সংযোগ মেলেনি। এমনকি মেশিন বসানোর কাজও শেষ হয়নি। তার পরও চালুর অপেক্ষায় থাকা জয়পুরহাটের কালাই উপজেলার নবনির্মিত আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ চলতি মৌসুমে আলু সংরক্ষণের ঘোষণা দিয়ে কৃষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। উপজেলার অন্য হিমাগারগুলোতে বস্তাপ্রতি সর্বোচ্চ পাঁচ টাকা বুকিং ফি নেওয়া হলেও ওই হিমাগারে ২০ টাকা করে আদায় করা হচ্ছে।কৃষকদের অভিযোগ থেকে জানা গেছে, কালাই উপজেলায় আটটি হিমাগার চলতি মৌসুমে ব্যবসায়ী ও মজুতদারদের দখলে চলে গেছে। কৃষকদের চাহিদার সুযোগ বুঝে চলতি মৌসুমে আরও দুটি হিমাগার তড়িঘড়ি নির্মাণকাজ শেষ করে আলু বুকিং নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে উপজেলার শিমুলতলীর আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ বিদ্যুৎ সংযোগ না পেতেই এবং আলু হিমায়িত রাখার মেশিন না বসিয়েই চলতি মৌসুম থেকে আলু সংরক্ষণের উদ্যোগ নেয়। অন্যান্য হিমাগার ১ মার্চ থেকে চালু হলেও (১ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সংরক্ষণ মৌসুম ধরা হয়) ওই হিমাগার কর্তৃপক্ষ কয়েক দিন ধরে এলাকার কৃষকদের কাছ থেকে টাকার বিনিময়ে আলু সংরক্ষণের আগাম বুকিং নিচ্ছে। আগাম বুকিংয়ের কথা জানিয়ে এলাকায় মাইকিংও করেছে তারা। তবে হিমাগারটি কবে চালু হবে তা জানানো হচ্ছে না।কালাই সদরের লিপটন ফকির নামে একজন আলুচাষি বলেন, ‘হিমাগার চালুর মাইকিং শুনে ওই হিমাগারে পাঁচ বস্তা বীজ আলু রাখার বুকিং দিয়েছি। আগাম ১০০ টাকা বুকিং ফিও দিয়েছি। কিন্তু বুকিং দেওয়ার পর শুনছি হিমাগারটি চালুই হয়নি। কবে চালু হবে, সেটাও কেউ ঠিকমতো বলতে পারছে না।’আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আবদুস সালাম অতিরিক্ত হারে বুকিং ফি আদায় এবং হিমাগার ভাড়া নির্ধারণের সত্যতা স্বীকার করে বলেন, ‘ভাড়া অন্তত ২০ টাকা কমানো যায় কি না, তা বিবেচনার জন্য মালিকপক্ষকে প্রস্তাব করা হবে।’ তিনি জানান, ‘বিদ্যুৎ সংযোগের জন্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নেওয়া হয়েছে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর মো. শামসুদ্দিন আহম্মেদ বলেন, মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া হলে সংযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে বিদ্যুতের সংযোগ নেওয়ার আগেই বুকিং নেওয়া ঠিক হয়নি। আর নতুন হিসেবে অন্যান্য হিমাগারের চেয়ে আরও কম ভাড়া নির্ধারণ করা দরকার ছিল। কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, হিমাগার ব্যবসার নামে কালাইয়ে চলছে অরাজকতা।