কোরবানির পশু জবাই করার জন্য এবার সিটি করপোরেশন নগরে ২৭০টি স্থান নির্ধারণ করে দিয়েছিল। তবে নির্ধারিত স্থানে গিয়ে পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ ছিল কম। কাউন্সিলররা বলছেন, এ নিয়ে যথেষ্ট প্রচারণা চালানো হয়নি। তাই তেমন সাড়াও মেলেনি।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা পশুর বর্জ্য ঈদের দিন সন্ধ্যার মধ্যে অপসারণ করেছেন। নগরের বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে তা হালিশহর ও কালুরঘাট আবর্জনাগারে রাখা হয়েছে। প্রথমবারের মতো পশু জবাইয়ের জন্য ২৭০টি স্থান নির্ধারণ করা হয়েছিল। তবে নগরবাসীর তেমন সাড়া পাওয়া যায়নি।
করপোরেশন সূত্র জানায়, পশুর বর্জ্য দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে নগরের ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে ভাগ করা হয়। সিটি করপোরেশনের চারজন কাউন্সিলরকে এসব অঞ্চলের বর্জ্য অপসারণ কার্যক্রম তত্ত্বাবধান ও তদারকির দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া মেয়র আ জ ম নাছির উদ্দীন ঈদের দিন বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। বর্জ্য অপসারণকাজে সিটি করপোরেশনের আড়াই হাজার শ্রমিক নিয়োজিত ছিলেন। এ কাজে ১৩৫টি ট্রাক ব্যবহার করা হয়।
পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে থাকা কাউন্সিলর মোহাম্মদ মোবারক আলী প্রথম আলোকে বলেন, নির্ধারিত স্থানে পশু জবাইয়ের ব্যাপারে নগরবাসীর কাছ থেকে যথেষ্ট সাড়া পাওয়া যায়নি। অনেকের মধ্যে এ নিয়ে কোনো আগ্রহ ছিল না। এ ব্যবস্থা সফল করতে হলে জবাই করা পশুর মাংস বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এলাকায় এলাকায় ও মসজিদে মসজিদে আগে থেকে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এসব করা হলে এ উদ্যোগ সফল হতে পারে।
তদারকির দায়িত্বে থাকা আরেক কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রাখা হয়েছিল। কিন্তু নগরবাসীর মধ্যে নির্ধারিত স্থানে পশু জবাই করার ব্যাপারে অনীহা ছিল। প্রথমবার হওয়ায় প্রচারণাও কম ছিল।