প্রচারণা নেই, কাটল অন্য রকম একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা ছুটেছেন ভোটারদের বাড়ি বাড়ি। নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক, পথসভা—এসব করে করে প্রতিদিন অনেক রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছেন।তবে সেই তুলনায় গতকাল অন্য রকম দিন কেটেছে রাজশাহীর দুই মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান ও মোসাদ্দেক হোসেনের।পারিবারিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর নানা কাজ নিয়ে প্রতিদিনই ব্যস্ত ছিলেন দুই মেয়র পদপ্রার্থী। ২৬ মে প্রতীক বরাদ্দের পর প্রতিদিনই তাঁদের কেটেছে চরম ব্যস্ততায়। কিন্তু প্রচার-প্রচারণা শেষ হয়ে যাওয়ায় গতকাল তাঁদের অন্য রকম দিন কেটেছে।খায়রুজ্জামানের বাসা শহরের উপশহর এলাকায়। পরিবারের লোকজন জানান, গতকাল সকালে ঘুম থেকে উঠে বাসাতেই ছিলেন তিনি। অনেক দিন পর তিনি গতকাল পরিবারের জন্য নিজের হাতে বাজার করেন। সকাল সাড়ে নয়টায় সাহেববাজার থেকে মাছ ও সবজি কিনে বাড়ি ফেরেন।বাসা থেকে বেলা ১১টায় নগরের কুমারপাড়ার দলীয় কার্যালয়ে আসেন খায়রুজ্জামান। এখান থেকে দুপুরে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হজরত শাহ মখদুমের মাজার জিয়ারত করেন। এরই মধ্যে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরের মায়ের মৃত্যুর খবর পেয়ে ওই বাসায় ছুটে যান তিনি। সেখানে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। বিকেলে আবার দলীয় কার্যালয়ে আসেন। সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী মোসাদ্দেক হোসেনের বাসা উপশহরে। গতকাল ভোরে ঘুম থেকে ওঠেন তিনি। সারা সকাল বাসাতেই ছিলেন। দুপুরে কামরুল মনিরের মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনিও সেখানে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এখান থেকে নগরের কোর্টচত্বর মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে দুপুরে বাসায় গিয়ে খাওয়াদাওয়া করেন।খায়রুজ্জামানের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির সদস্যসচিব শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, খায়রুজ্জামান রাজশাহী শহরে যে উন্নয়ন করেছেন, তাতে ১৫ জুনের নির্বাচনে তিনিই আবার জয়ী হবেন।মোসাদ্দেকের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মোসাদ্দেক হোসেন শুক্রবার বেশিরভাগ সময়ে বাসায় কাটিয়েছেন। দুপুরে কিছুটা সময়ের জন্য তিনি মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আসেন। সেখানে নির্বাচনের নানা বিষয় নিয়ে আমরা তাঁর সঙ্গে কথা বলেছি। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’