নওগাঁ পৌরসভায় গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পরই জোর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রথম দিনেই মাইকের শব্দে কান ঝালাপালা হয়ে যায় পৌরবাসীর।
গতকাল দুপুর ১২টার মধ্যে নওগাঁ পৌরসভার স্বতন্ত্র মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়। বেলা দুইটার পর থেকেই মাইকে প্রার্থীদের নাম ও প্রতীক উল্লেখ করে প্রচারণা শুরু হয়ে যায়।
প্রতীক নিয়ে প্রচারণার সুযোগ পেয়ে পৌরসভার অলিগলিতে দলীয় মেয়র প্রার্থীরা পোস্টার টানানো শুরু করেছেন। তবে আগে থেকে প্রতীক নিশ্চিত না থাকায় কাউন্সিলর প্রার্থীরা পোস্টার ছাপাতে না পারায় তাঁদের প্রতীকসংবলিত পোস্টার গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত চোখে পড়েনি।
গতকাল নওগাঁ পৌরসভার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, বেলা দুইটার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় সরগরম পুরো পৌরসভা। অটোরিকশা, ইজিবাইক ও রিকশায় মাইক বেঁধে চলে বিরামহীন প্রচারণা। পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকা ও ধানের শীষ প্রতীকসহ আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে পোস্টার লাগাতে দেখা গেছে।
নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার চাল ব্যবসায়ী সন্দীপ সাহা ও বজলুর রশিদ বলেন, ‘প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে আমাদের যন্ত্রণার শুরু হলো। বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত একজন মেয়র ও তিনজন কাউন্সিলর প্রার্থী ভোট ও দোয়া চেয়ে গেলেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকদের চেয়ে প্রার্থীদের সময় দিতে হবে বেশি। তার ওপর মাইকে প্রার্থীদের প্রচারণা। এটা আরেক যন্ত্রণা। শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যদি মাইকে প্রচারণা বন্ধ করত, তা হলে খুবই ভালো হতো।’
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘মাইকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে বেলা দুইটা থেকে রাত আটটার মধ্যে মাইকে প্রচারণা চালানো যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মাইক বাজানো যাবে না।’
জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইফতারুল ইসলাম গত রোববার তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নওগাঁ পৌরসভায় এখন চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহমেদ শিষান, বিএনপির নজমুল হক, স্বতন্ত্র আবদুল ওয়াহাব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম।
পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬০ জন প্রার্থী। আর তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।