দেড় দশক পর বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচন। ভোট ৭ আগস্ট। তবে এ নিয়ে অনেক ভোটারের উৎসাহ কম। অনেকের আশঙ্কা ভোট জালিয়াতির। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। এর মধ্যেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তাঁর কর্মীদের বিরুদ্ধে উঠেছে হুমকি-ধমকির অভিযোগ।
গত রোববার পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ১৪ জন ভোটারের সঙ্গে কথা হয়। ১৫ বছর পর অনুষ্ঠেয় এই ভোট সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে তাঁদের কয়েকজন বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদের ইচ্ছের বাইরে এখানে কিছুই হয় না। মেয়র পদে তাঁর আস্থাভাজন একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের আশঙ্কা, মেয়র পদে প্রকাশ্যে সিল মারা হবে।
আগুনাতাইর মহল্লার আলমগীর হোসেন বলেন, এ পৌরসভার রাস্তাঘাট বেহাল। পর্যাপ্ত সড়কবাতি, পানি ও নালাসহ ন্যূনতম নাগরিক সুবিধা নেই। এত বছর পর নির্বাচন। কিন্তু সুষ্ঠু ভোটের পরিবেশ নেই।
একই মহল্লার আনোয়ারুল ইসলাম বলেন, কদিন আগেই কীভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হলো তা সবারই জানা। সেই নির্বাচনে উপজেলার সাত ইউপিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। এখন মেয়র নির্বাচন। এ ভোটের ফলাফলও সবারই জানা।
ব্র্যাক মোড়ে একটি চায়ের দোকানে আগুনাতাইর গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘কিছুদিন আগেও ভোট নিয়ে অনেক আগ্রহ ছিল। দিন যত ঘনিয়ে আসছে, শঙ্কা-উৎকণ্ঠা তত বাড়ছে। ভোট সুষ্ঠু হবে কি না এই নিয়ে এ শঙ্কা।’
বোচারপুকুর মহল্লার তসলিম উদ্দিন বলেন, সময়মতো ভোট হলে এত দিনে তিনজন মেয়রের মেয়াদকাল শেষ হতো। ব্যালট কেটে কেউ মেয়র হলে জবাবদিহি থাকবে না।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৬ এপ্রিল এই পৌরসভা ঘোষণা করা হয়। প্রথমে উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর সীমানা নিয়ে আইনি জটিলতায় আটকে যায় এ পৌরসভার নির্বাচন। দেড় দশক ধরে প্রশাসক দিয়েই চলে এর কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকটি গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্তির পক্ষে-বিপক্ষে হাইকোর্টে তিনটি রিট করা হয়। এ কারণে আটকে যায় নির্বাচন। শাজাহান আলী, শাবেরী আলম ও রায়হান অর রশিদ নামের তিন ব্যক্তি এসব রিট করেন। রায়হানের রিট খারিজ হলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী প্রথম আলোকে বলেন, মেয়র পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের শাহিদুল বারী খান, বিএনপির আবু তৈয়ব মো. গোলাম রকিব এবং স্বতন্ত্র জাহাঙ্গীর আলম আকন্দ। আগামীকাল শুক্রবার পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন শনিবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে।
স্বতন্ত্র প্রার্থী জেলা যুব শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মীরা হুমকি-ধমকি ও ভয়ভীতি অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
হুমকি-ধমকির এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী শাহিদুল বারী খান বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, এটা আমিও চাই। আওয়ামী লীগ কোনো প্রভাব বিস্তার করছে না।’
জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয়, সবকিছুই করা হবে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোটের আগেই নির্বাচনী এলাকায় নির্বাহী হাকিমের নেতৃত্বে মোবাইল টিম কাজ করবে।