প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে
ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ রোববার দিবাগত রাত ১২টায়। ২৮ এপ্রিল এই তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণকে শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৮ হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন থাকবেন।
এ তিন সিটি করপোরেশনের ভোটার বা বাসিন্দা নন, এমন ব্যক্তিদের গতকাল শনিবার মধ্যরাত থেকে এ তিন সিটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাঁরা অবস্থান করছেন, তাঁদেরও এ তিন সিটি ত্যাগ করতে হবে। গত রাত ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল আটটা পর্যন্ত এ তিন করপোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, গত রাত ১২টা থেকেই বহিরাগতদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তবে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নিষেধাজ্ঞার নামে পুলিশ তাঁদের কর্মীদের গ্রেপ্তার করছে।
তিন সিটি করপোরেশনে নির্বাচন নির্ঞ্ঝাট করতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাব, আনসার মিলে ৭৮ হাজার ৭৩০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনী সেনানিবাসে থাকবে। বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে রাস্তায় টহল দেবে এবং পুলিশ ও আনসার সরাসরি ভোটকেন্দ্রে অবস্থান করবে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে লাঠিধারী আনসারের পাশাপাশি ১২টি অস্ত্র এবং সাধারণ কেন্দ্রে ১০টি করে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী থাকবে।
ঢাকার দুটি (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের নিরাপত্তা নিয়ে গতকাল মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলন করেন ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তি প্রতিহত করা হবে। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট ১ হাজার ৯৮২টি ভোটকেন্দ্র আছে। এর মধ্যে ১৪২৯টিকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) বলে চিহ্নিত করা হয়েছে।
যান চলাচল ও অন্যান্য নিষেধাজ্ঞার ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত রাজধানীতে সব ধরনের যানবাহন যেমন: লঞ্চ, স্পিডবোট, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ সেবাপ্রদানকারী সংস্থা ও গণমাধ্যমের জন্য ব্যবহৃত যানবাহনগুলো চলাচল করতে পারবে। তিনি বলেন, শনিবার ভোর ছয়টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। যদি কারও কাছে এসব অস্ত্র পাওয়া যায় তাহলে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া ২৬ এপ্রিল রাত ১২টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী কোনো ক্যাম্প স্থাপন করতে পারবেন না।
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা শহরে নিরাপত্তাবলয় তৈরি করা হবে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনের পূর্ব, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নিয়েছি।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি নির্বাচনে ৭০ প্লাটুন বিজিবি সদস্য থাকবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে সেনাবাহিনীও প্রস্তুত অবস্থায় আছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা তাদের ডাকলে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসবে।