প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আটমূল ইউপির ফেনীগ্রাম গ্রামের ইউনুছ আলী (৬০) ও মোকছেদ আলী (৩৫)।
আহত হয়েছেন একই গ্রামের আবদুল মমিন, আহম্মদ আলী, মোহম্মদ আলী ও জিয়াউর রহমান। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আবদুল মমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কিচক বাজারের চার-পাঁচজন বলেন, উপজেলার আটমূল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের ঘোড়া প্রতীকের সমর্থনে এক পথসভা শুক্রবার বিকেলে আটমূল বাজারে অনুষ্ঠিত হয়। ওই পথসভা শেষে সন্ধ্যায় কয়েকটি ভটভটিতে চড়ে বাড়ি ফিরছিলেন ফেনীগ্রাম গ্রামের কয়েকজন সমর্থক। ভটভটিটি কিচক বাজারের তেলের পাম্পের কাছে এসে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, নিহত দুজনের পরিবারকে ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বেলাল হোসেনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে।