চার দলের রোডমার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে স্থাপিত প্রচারণামূলক বিলবোর্ডের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল রোববার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নির্দেশ পাওয়ার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎকর্মীরা এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেন।নগরের সড়কবাতির সংযোগ থেকে বিদ্যুৎ নিয়ে বৈদ্যুতিক বিলবোর্ড বসানো হয়। এসব বিলবোর্ডে খালেদা জিয়া, তারেক রহমান, সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম এবং বিএনপির স্থানীয় নেতাদের ছবি ও দলীয় স্লোগান শোভা পাচ্ছে।পিডিবি সূত্র জানায়, দেশে বিদ্যুতের ঘাটতি থাকায় বছর চারেক আগে বিলবোর্ডে আলোকসজ্জা করা নিষিদ্ধ করে পিডিবি। তা সত্ত্বেও বিএনপির নেতারা নগরে বৈদ্যুতিক বিলবোর্ড বসান। সড়কবাতির লাইন থেকে তাতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। গতকাল প্রথম আলোয় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে তৎপর হয় পিডিবি।পিডিবির প্রধান প্রকৌশলী রইস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর অবৈধ কিছু সংযোগ আমরা বিচ্ছিন্ন করেছি। আরও সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে।’