প্রচারণায় আইন মানা হচ্ছে না!
অনিয়ন্ত্রিতভাবে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার লাগানোর কারণে সৌন্দর্য হারাচ্ছে চট্টগ্রাম নগর। বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশ্য এই প্রচারণা চলছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকার আইন মান্য করা হচ্ছে না বলে মনে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম।
স্থানীয় সরকার আইনের (২০০৯) পঞ্চম তফসিলের ৪৩ নম্বর ধারা অনুযায়ী, ‘করপোরেশন কর্তৃক নির্ধারিত কোনো স্থান ব্যতীত অন্য কোনো স্থানে বিজ্ঞাপন, নোটিশ, প্ল্যাকার্ড বা অন্য কোনো প্রকার প্রচারপত্র আঁটিয়া দেওয়া অপরাধ।’
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই আইন না মেনে প্রচারণা চালানো হচ্ছে। তাঁদের অনুরোধ করব নগরের সৌন্দর্য রক্ষায় এসব ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড তুলে ফেলতে। তা না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান প্রথম আলোকে বলেন, প্রতিটি শহরকে সুন্দর ও আকর্ষণীয়ভাবে গড়ে তোলার জন্য রুচিসম্মতভাবে বিজ্ঞাপন প্রচার করতে হবে। কিন্তু চট্টগ্রামে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তা নগর অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন গড়ে ওঠা স্কুল-কলেজ ও কোচিং সেন্টার তাদের প্রতিষ্ঠানের প্রচারণার জন্য ছোট-বড় অসংখ্য পোস্টার সাঁটিয়েছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সীমানা দেয়ালে। নগরের চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি বিদ্যালয়, পাথরঘাটার সেন্ট স্কলাসটিকা, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নগরের মনসুরাবাদ এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয়ের প্রবেশদ্বার ও দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। এ ছাড়া নগরের ২ নম্বর গেট, মুরাদপুর, অক্সিজেন, বহদ্দারহাট, প্রবর্তক মোড়ের গোলচত্বর শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের পোস্টারে ঢাকা পড়েছে।
নগরের পাথরঘাটা এলাকায় সেঙ্গুইন প্লাস কোচিং সেন্টারের পোস্টারে দেওয়া মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে জানানো হয়, করপোরেশনের অনুমতির বিষয়টি তাঁদের জানা নেই।
জেনুইন প্লাস নামের আরেকটি কোচিং সেন্টারের সুমন দত্ত জানান, পোস্টার লাগানো হয়েছে তিন-চার মাস আগে।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সভা, সমাবেশ, নেতা-কর্মীদের মুক্তির দাবিতে লাগানো পোস্টারে ঢেকে গেছে ভবনের দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিগুলো।
চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের আইনের তোয়াক্কা না করে যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন ঝোলানো হচ্ছে; যা পরিচ্ছন্ন নগরের অন্তরায়। আর আমাদের নেতা-কর্মীদের প্রচারণা সামগ্রীগুলো সরিয়ে ফেলার জন্য বলেছি।’
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী বলেন, ‘লোকবলসংকটের কারণে পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে এমনিতেই হিমশিম খেতে হয়। এর মধ্যে প্রচারণার পোস্টার, ব্যানার, ফেস্টুন সরানো ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’