রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিনজন। তাঁরা পৃথকভাবে ব্যক্তিগত উদ্যোগে জনসংযোগ করছেন। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এখনো তৎপরতা চালাচ্ছেন না।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাবেক পৌর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান ও রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন চৌধুরী। তিনজনই বলেছেন, মনোনয়ন চূড়ান্ত করতে দেরি হওয়ায় তাঁরা নিজ উদ্যোগে প্রচারণা চালাচ্ছেন।
মো. হাবিবুর রহমান বলেন, ‘দলের কাছে মনোনয়ন চেয়েছি।’ আজ-কালের মধ্যে মনোনয়ন চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই কথা বলেছেন মো. আকবর হোসেন চৌধুরী ও মো. সোলায়মান।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাতজন। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, রোববার (আজ) বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে। তিনি জানান, মেয়র পদে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মো. সায়েম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।
আবার ভুট্টো: রাঙামাটি পৌরসভার বর্তমান মেয়র বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম চৌধুরী ওরফে ভুট্টো তিন মাস ধরে নির্বাচন না করার কথা বলে আসছিলেন। সর্বশেষ ৯ নভেম্বর তাঁর কার্যালয়ের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি জানিয়েছিলেন।
গতকাল জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, ভুট্টো আবার নির্বাচন করতে পারেন। তিনি দলীয় মনোনয়ন চেয়েছেন কি না, প্রশ্ন করা হলে শাহ আলম বলেন, কাল (আজ) পর্যন্ত মনোনয়ন চাওয়ার সময় আছে।