প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার পর সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের সব দলের সম্ভাব্য প্রার্থীরা পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সরিয়ে নিয়েছেন। তবে প্রচারণায় অন্য দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক মেয়র আক্তারুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সাবেক সদস্য আরাফাত হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী হলেন আক্তারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনসুর আলী।
সাজেদুর রহমান খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করছেন। দল মনোনয়ন দিলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আরাফাত হোসেন বলেন, দল মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন।
আমিনুল ইসলাম বলেন, তিনি মনোনয়নপ্রত্যাশী। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পাশে থাকবেন। আমজাদ ও শহীদুল নিজেদের দলের ত্যাগী নেতা হিসেবে দাবি করে বলেন, দল তাঁদের মনোনয়ন দিলে তাঁরা জয়লাভ করবেন।
আক্তারুল কারাগারে রয়েছেন। তাঁর ভাই আনোয়ার হোসেন বলেন, তাঁর ভাইয়ের পক্ষে সাধারণ মানুষ কাজ করছেন। দল ভোটে অংশ নিলে তাঁর ভাই মনোনয়ন পাবেন। শরিফুজ্জামান বলেন, নির্বাচনের জন্য কাজ করছেন। মনুসুর আলী বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। সে তুলনায় অন্য দলের প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ বলেন, দলের নির্দেশনা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। বিএনপির জেলা সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, তাঁরা কেন্দ্রের নির্দেশনার জন্য অপেক্ষায় রয়েছেন।